২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ

প্রবীণদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিসহ তাদের সুযোগ-সুবিধা বাড়াতে শনিবার এক সভায় সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 11:21 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিসহ তাদের সুযোগ-সুবিধা বাড়াতে শনিবার এক সভায় সুপারিশ করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সভা আয়োজন করে বেসরকারি সংগঠন হেলথ অ্যান্ড হোপ। আইনমন্ত্রী শফিক আহমেদ সভায় অংশ নেন। 'বয়স্কদের জীবনযাপন' শীর্ষক ওই সভায় বক্তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ এবং রাষ্ট্রের অগ্রগতির চাকাকে আরো চলমান করা যায়। তাদের বোঝা না ভেবে আশীর্বাদ ভাবতে হবে। তাদের বিষয়ে মানসিকতার পরিবর্তন করতে হবে। সভার মূল প্রবন্ধে প্রবীণদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব তৈরিতে সরকারকে একটি কেন্দ্রীয় সেল গঠনে পরামর্শ দেওয়া হয়। এছাড়া প্রবীণদের জন্য সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মূল্য ছাড়, যানবাহনে ১০ শতাংশ আসন সংরক্ষণ ও মূল্য ছাড়, সরকারিভাবে প্রবীণ দিবস পালন, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রবীণ নিবাস স্থাপন করাসহ বিভিন্ন সুপারিশ করা হয়। মূল বক্তব্য পড়ে শোনান বয়স্বী কল্যাণ সমিতির সভাপতি ডা. আফসানা করিম। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ সব দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। তিনি বলেন, "যদি এসব দাবি বাস্তবায়নে যদি নতুন কোনো আইন করার প্রয়োজন হয়, তবে আইন মন্ত্রণালয় তা করবে।" সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান ইমাম, অজয় রায়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রশিদ ই মাহবুব, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম, বয়স্বী কল্যাণ সমিতির উপদেষ্টা এ কে সিদ্দিক, শহীদ চিকিৎসক শামসুল আলম মিলনের মা সেলিনা আখতার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৭১৭ ঘ.