ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে শুক্রবার রাতে গণপিটুনিতে আলমগীর হোসেন ওরফে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
পুলিশের দাবি, সুমন ডাকাত দলের সদস্য। ডাকাতি করতে গিয়েই গণপিটুনিতে সে মারা যায়।
সুমনের বাড়ি পল্লবীর রূপনগর টিনশেড এলাকায়।
পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা এক দল ডাকাতকে ধাওয়া করে। ওই সময় জনতার হাতে ধরা পড়ে সুমন।"
রাত ১টার দিকে ইস্টার্ণ হাউজিং সি ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় ডাকাত দল গুলি ছুড়লে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।
সুমন ধরা পড়লেও তার 'সহযোগীরা' পালিয়ে যায় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24