২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ

আশুলিয়া পুলিশের হেফাজতে শুক্রবার এক আসামির মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 06:50 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

সাভার, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়া পুলিশের হেফাজতে শুক্রবার এক আসামির মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। আবু বক্কর (৩৫) নামে ওই ব্যক্তির বাড়ি সাভারের পাথালিয়া ইউনিয়নের টাকসু গ্রামে। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে হৃদরোগে তিনি মারা গেছেন। এ ঘটনায় তার পরিবার আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আবু বক্করের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, বাড়ির সীমানা নিয়ে টাকসু গ্রামে আবু বক্করের সঙ্গে প্রতিবেশী কামরুল, সামসু ও আওলাদের বিরোধ চলছিল। এ ঘটনায় আওলাদ বিকালে আবু বক্করের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করলে সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আনোয়ারা বেগম বলেন, "আমার স্বামীকে পুলিশ ভ্যানে তোলার পর সে ভয়ে কান্নাকাটি করায় আমিও তার সঙ্গে পুলিশের গাড়িতে উঠি। এ সময় সে অচেতন হয়ে পড়লে এক পুলিশ লাটি দিয়ে তার বুকে কয়েকবার গুঁতো দেয়। এরপর সে নড়াচড়া না করলে পুলিশ তাকে সাভার বাজার বাস স্ট্যান্ডের সুপার ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা জানান বক্কর মারা গেছে।" বক্করের শ্যালক আলী হোসেনেরও অভিযোগ, পুলিশের আঘাতে তার ভগ্নিপতির মৃত্যু হয়েছে। সুপার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক হাফিজ আল আসাদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে আবু বক্করকে মৃত অবস্থায় ক্লিনিকে নিয়ে আসে। এ সময় তার বুকে আঘাতের চিহ্ন দেখা গেছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, "একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে আবু বক্করকে নোটিশ দিতে তার বাড়িতে যাই। সেখানে তাকে অসুস্থ দেখে পুলিশ ভ্যানে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে আসি। শুনেছি পরে সে মারা গেছে।" ঢাকার পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল বাহার বলেন, "ঘটনাটি আমি জেনেছি। হার্ট অ্যাটাকে সে মারা গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৪ ঘ.