২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগুনবাড়িতে বস্তির শতাধিক বাড়ি পুড়ে গেছে

রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ির দিপিকার মোড় এর কাছে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ির দিপিকার মোড় এর কাছে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। সন্ধ্যা ৬টার দিকে আগুন ধরার পর রাত সোয়া আটটা নাগাদ তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলের ঢাকা বিভাগের উপ-পরিচালক আব্দুর রশীদ। তিনি বলেন,বস্তির পাশে চারতলা একটি ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন আহত হলেও কেউ মারা যায়নি। ডোবার উপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি বস্তিতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। রশীদ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২০টির মতো কাচা ঘর ও ৪/৫টি আধাপাকা ঘর পুরে গেছে। দমকল বিভাগের সদর দপ্তরসহ মোট ৮টি ইউনিটের ১৯টি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়। ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, বস্তির ঘরগুলো পুড়ে যাওয়ায়, আগুনের কারণে ক্ষতির পরিমাণ হয়তো অংকে বড় হবে না। তবে গরিব মানুষগুলোর সর্বস্ব পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসআইটি/জিএনএ/২১১৯ ঘ.