২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনায় শুক্রবার ঝিনাইদহ, চাঁদপুর ও রংপুরে চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় শুক্রবার ঝিনাইদহ, চাঁদপুর ও রংপুরে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই নসিমন (ইঞ্জিনচালিত যানবাহন) যাত্রী নিহত হয়েছেন। চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রলি চাপায় এক বৃদ্ধ এবং রংপুর সদরে ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: কালীগঞ্জের পাতবিলাতে সকালে ট্রাকের ধাক্কায় নিহত নসিমন যাত্রীরা হলেন- যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামের ইলিয়াস হোসেন (২৮) ও ঝিনাইদহের কোটচাঁদপুরের পিংকি (২২)। কালীগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি নসিমন কোটচাঁদপুর থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পাতবিলায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে নসিমনটিকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু'জন মারা যান। দুর্ঘটনায় আহত শম্পা নামের একজনকে মুমূর্ষু অবস্থায় যশোর জেনারেল হাসপাতাল এবং বাকিদের কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর নসিমন ও ট্রাক নিয়ে উভয় চালক পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে। চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলায় ট্রলি চাপায় নিহত ফজল হকের (৬০) বাড়ি পৌর এলাকার সাহাপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক নাসির পাঠান বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকমকে বলেন, দুপুরে ফজল হক ফরিদগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার সময় একটি দ্রুতগতির ট্রলি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবীর বলেন, "আমরা শুনেছি দুর্ঘটনায় একজন মারা গেছে।" ঘটনাস্থলে পুলিশ যায়নি বলে তিনি জানান। কোনো মামলা হয়নি। রংপুর: শহরতলীর উত্তম এলাকায় ট্রাক চাপায় নিহত হন শিক্ষক সুনীল চন্দ্র (৫০)। কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে রংপুরের দিকে আসার সময় একটি ট্রাক চাপা দিলে সুনীল ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা যায়নি। কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএসবি/২১৫৪ ঘ.