২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যর্থতা আইলার সবাইকে পুনর্বাসন করতে না পারা'

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক উপকূলে ঘূর্ণিঝড় আইলা দুর্গত সকল মানুষকে এখনো তাদের নিজ ঘরে পুনর্বাসন করতে না পারাকেই তার মন্ত্রণালয়ের একমাত্র ব্যর্থতা বলে মনে করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 01:52 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক উপকূলে ঘূর্ণিঝড় আইলা দুর্গত সকল মানুষকে এখনো তাদের নিজ ঘরে পুনর্বাসন করতে না পারাকেই তার মন্ত্রণালয়ের একমাত্র ব্যর্থতা বলে মনে করছেন। তিনি বলেছেন, "উপকূলে আইলায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মানুষকে কোথাও আশ্রয় কেন্দ্রে এবং কোথাও বাঁধের ওপর আশ্রয় দেওয়া হয়েছে। এদের অনেককেই ইতোমধ্যে নিজ বাড়িতে পুনর্বাসন করা সম্ভব হয়েছে। তবে এখনো অনেকেই তাদের ঘরে ফিরতে পারেনি। এটিই আমার মন্ত্রণালয়ের একমাত্র ব্যর্থতা।" বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের এক বছর পূর্তি এবং শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে সরকারের গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা করতে এক মতবিনিময় সভায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী একথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, দেশের উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকার শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য সরকার চলতি শীত মৌসুমে দুই লাখ ৩৬ হাজার ৫০০ টি কম্বল বরাদ্দ দিয়েছে। এ ছাড়াও জরুরি ভিত্তিতে শীতবস্ত্র কিনতে দেশের ৪৮১ উপজেলায় দুই কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন এ অর্থে জরুরি শীতবস্ত্র কিনে তা বিতরণ করবে। তিনি আরো জানান, প্রথম পর্যায়ে গত ১৬ নভেম্বর পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৫০০ টি কম্বল পাঠানো হয়। এর মধ্যে উত্তরাঞ্চলের ১৬ জেলা ও আইলা বিধ্বস্ত সাতক্ষীরা জেলায় চার হাজার করে এবং শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ ও সিলেটে তিন হাজার করে এবং অন্যান্য জেলায় এক হাজার থেকে আড়াই হাজার টি করে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া ১৬ কার্টুন পুরাতন ব্যবহারযোগ্য কাপড়ও দেওয়া হয়েছে। এর বাইরে আইলা বিধ্বস্ত সাতক্ষীরা ও খুলনা জেলায় আরো ১৭ হাজার কম্বল দেওয়া হয়। ইউএনডিপিও শীতার্ত মানুষের জন্য এক লাখ কম্বল দেবে। বাজারে চালের দাম বাড়ার ব্যাপারে মন্ত্রী বলেন, "নভেম্বর ও ডিসেম্বরে বাজার নিয়ন্ত্রণে ছিল। গত কয়েকদিনে কিছুটা মূল্য বাড়লেও সরকারের পদক্ষেপের কারণে এখন কমেছে।" শৈত্যপ্রবাহে মানুষ ধান শুকাতে না পারায় দাম কিছুটা বেড়ে যায় মন্তব্য করে তিনি বলেন, "শীত কিছুটা কমলেই এ মূল্য আরো কমে যাবে। এরপরও না কমলে বাজারে খাদ্য নিরাপত্তা কর্মসূচির চাল ছাড়া হবে।" তিনি জানান, সরকার কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় দুই লাখ টন চাল বরাদ্দ দিয়েছে। টিআর খাতেও দেওয়া হয়েছে এক লাখ ১১ হাজার টন। আরো দুই লাখ টন কাবিখার বরাদ্দ সরকারের হাতে রয়েছে। আগামী ২২ অথবা ২৩ জানুয়ারির মধ্যে এ বরাদ্দও ছেড়ে দেওয়া হবে। ধান ও চালের মূল্য কমলে কৃষকের ক্ষতি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, "বর্তমান অবস্থায় কৃষক মূল্য পাচ্ছে না। এখন ধান ও চালের মূল্য কমলে কৃষকের আরো ক্ষতি হবে। ফলে কৃষকরা উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে।" কৃষি উপকরণের মূল্য কমিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, "ধান ও চালের দাম বাড়ানোর চেয়ে কৃষি উপকরণের মূল্য আরো কমিয়ে আনা উচিৎ। এক্ষেত্রে সার, বীজ ও জ্বালানির মূল্য আরো কমানোর সুযোগ রয়েছে। এতে সকল পর্যায়ের কৃষকই উপকৃত হবে। যদিও সারের দাম বেশি কমানো হলে পাচারের আশংকা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৯৫০ ঘ.