২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্রতিপক্ষের হাতে নিহত ১

চাঁদার ভাগ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় বুধবার রাতে প্রতিপক্ষের হাতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 06:00 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

সাভার, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদার ভাগ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় বুধবার রাতে প্রতিপক্ষের হাতে একজন নিহত হয়েছেন। নিহত মিলন মিয়া (২৪) ময়মনসিংহ সদর উপজেলার নিমতলা এলাকার মোনতাজ সরকারের ছেলে। তার বিরুদ্ধে সাভার থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাভার থানার ওসি নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ডগরমোড়া এলাকায় প্রতিপক্ষরা মিলনকে লক্ষ্য করে করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মিলন চিৎকার করতে করতে দৌড়ে বাড়িতে ঢুকে মাটিতে লুটিয়ে পড়েন। তারাও মিলনের পিছু নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে। এরপর বাড়িতে ঢুকে মিলনকে জবাই করে। তিনি বলেন, "চাঁদার ভাগবাটোয়ারা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে।" নিহত মিলনের বিরুদ্ধে সাভার থানায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মিলনের বোন মর্জিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার সম্রাট, কামরুল, কবীর, রনি, তুষার ও ব্যারিস্টারসহ বেশ কয়েকজন সন্ত্রাসী মিলনকে গুলি করে। সে দৌড়ে বাড়িতে ঢুকলে তারাও এখানে এসে তাকে জবাই করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.