২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সমাবেশে যানজটে নাকাল ঢাকাবাসী

যানজটের কারণে বুধবার দিনভর নাকাল হতে হয়েছে নগরবাসীকে। আর এ জন্য মূলত জাতীয় পার্টির সমাবেশকেই দায়ী করেছে পুলিশ ও ভুক্তভোগী মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 04:49 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজটের কারণে বুধবার দিনভর নাকাল হতে হয়েছে নগরবাসীকে। আর এ জন্য মূলত জাতীয় পার্টির সমাবেশকেই দায়ী করেছে পুলিশ ও ভুক্তভোগী মানুষ। ২৪ বছর পূর্তি উপলক্ষে জাতীয় পার্টি বুধবার পল্টন ময়দানে এক সমাবেশের আয়োজন করে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ সমাবেশের কারণে দিনভর যানজট লেগে ছিল পল্টন ও মতিঝিল তথা এর প্রভাবে মোটামুটি গোটা মধ্য ঢাকায়। জাপার সমাবেশের পরপরই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছিল সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সমাবেশ। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরপর দু'টি সমাবেশ থাকার কারণে বিকেলে যানজট পরিস্থিতি ছিল ভয়াবহ। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-মতিঝিল) কামাল হোসেন জানান, জাতীয় পার্টির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে পল্টন ও আশেপাশের এলাকা দিয়ে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা ও ঢাকার বাইরের জেলা থেকে অতিরিক্ত যানবাহন প্রবেশের কারণে পুরো মতিঝিল এলাকা স্থবির হয়ে যায়। সকালে সমাবেশের আয়োজন করায় নগরবাসীকে বাড়তি ভোগান্তি পোহাতে হয়। নগরীর মতিঝিলমুখী যানগুলোকে রাস্তায় ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ব্যাংকের কর্র্মচারী মোহাম্মদপুরের আসাদুল ইসলাম জানান, দৈনিক বাংলার মোড় থেকে আসাদ গেট আসতে তার সময় লেগেছে সোয়া দু' ঘণ্টার মতো। আসাদ গেট সিগন্যালে ২ নম্বর রুটের বাস চালক বাতেন আলী জানান, গুলিস্তান থেকেই ছিল যানজট। গড়িয়ে গড়িয়ে দু' ঘণ্টায় আসাদগেট সিগন্যালে এসেছেন। তার বাসের অনেক যাত্রীই বিরক্ত হয়ে নেমে পড়েন বলে জানান কন্ডাকটর কিবরিয়া। কিবরিয়া বললেন, "রাস্তায় জাম দেইখা ঢুকলাম ভার্সিটির (ঢাকা বিশ্ববিদ্যালয়) ভিতর। এইখানে এমন গিট্টু লাগলো, একেবারে নড়াচড়া বন আধাঘণ্টা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩০ঘ.