২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের কারণে যানজটে নাকাল নগরবাসী

যানজটের কারণে বুধবার দিনভর নাকাল হতে হয়েছে নগরবাসীকে। আর এ জন্য জাতীয় পার্টির সমাবেশকেই দায়ী করেছে পুলিশ ও ভুক্তভোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 04:16 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজটের কারণে বুধবার দিনভর নাকাল হতে হয়েছে নগরবাসীকে। আর এ জন্য জাতীয় পার্টির সমাবেশকেই দায়ী করেছে পুলিশ ও ভুক্তভোগীরা। রাজধানীতে যানজট নিত্যসঙ্গী, কিন্তু বুধবার দুপুর থেকে তা অন্যদিনের মাত্রা ছাড়িয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় পার্টির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে পল্টন ও আশেপাশের এলাকা দিয়ে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। "এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা ও ঢাকার বাইরের জেলা থেকে অতিরিক্ত যানবাহন প্রবেশের কারণে পুরো মতিঝিল এলাকা স্থবির হয়ে যায়। সকালে সমাবেশের আয়োজন করায় নগরবাসীকে বাড়তি ভোগান্তি পোহাতে হয়।" দলের ২৪ বছর পূর্তি উপলক্ষে পল্টন ময়দানে সমাবেশ ডাকে জাতীয় পার্টি। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ সমাবেশ। এ কারণে দিনভর যানজট লেগে ছিল পল্টন, মতিঝিল এলাকায়; আর এর প্রভাবে মোটামুটি গোটা মধ্য ঢাকায়। জাপার সমাবেশের পরপরই বঙ্গবন্ধু এভিনিউতে ছিলো সরকারের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশ। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরপর দু'টি সমাবেশ থাকায় বিকালে প্রচণ্ড যানজটে পড়তে হয় অফিস ফেরতা মানুষকে। মতিঝিলের দিকে আসতে থাকা গাড়িগুলোকে রাস্তায় ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। একটি বাণিজ্যিক ব্যাংকের কর্র্মচারী মোহাম্মদপুরের আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দৈনিক বাংলার মোড় থেকে আসাদ গেট আসতে তার সময় লেগেছে সোয়া দুই ঘণ্টার মতো। আসাদ গেট সিগন্যালে ২ নম্বর রুটের বাসচালক বাতেন আলী জানান, গুলিস্তানে সারাদিনই ছিলো যানজট। যানজটের কারণে বাসের অনেক যাত্রী বিরক্ত হয়ে গন্তব্যের আগেই নেমে পড়েন বলে জানান চালকের সহকারী কিবরিয়া। তিনি বলেন, "রাস্তায় জ্যাম দেইখা ঢুকলাম ভার্সিটির (ঢাকা বিশ্ববিদ্যালয়) ভিতর। সেখানেই গিয়েও দেখি একই অবস্থা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১০০৬ ঘ.