ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতা এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে টঙ্গির নিপ্পন গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও লিংক রোড ২ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে তুলে দেয়।
পরে শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয়। বিজিএমইএ শ্রমিকদের বেতন পরিশোধের জন্য কারখানা মালিককে সাতদিন সময় দিয়েছে।
গাজীপুরের টঙ্গির এরশাদ নগরে অবস্থিত নিপ্পন গার্মেন্টস গত ৩০ অক্টোবর রাতে হঠাৎ করে বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পরদিন শ্রমিকদের সঙ্গে ওই কারখানার বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়।
শ্রম মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে গঠিত একটি তদন্ত কমিটি ওই ঘটনার জন্যে মালিকদের গাফিলতিকে দায়ী করে।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
কিন্তু দুইমাস পার হয়ে গেলেও এখনো শ্রমিকরা বকেয়া বেতনভাতা পাননি বলে অভিযোগ করেছেন।
কারখানার শ্রমিক রোকসানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তখন দুই সপ্তাহ পর বেতন-ভাতা দেওয়ার কথা বলা হলেও এখনো কোনো টাকা পাইনি। গার্মেন্টসও খোলে না। এখন বাচ্চাদের নিয়ে না খেয়ে থাকার মতো অবস্থা।"
শ্রমিকরা জানান, কারখানায় মালিককে না পেয়ে তারা পাওনা আদায়ে পদক্ষেপ নেওয়ার দাবিতে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে এসেছেন।
এর আগেও ডিসেম্বরে কয়েক দফায় শ্রমিকরা বিজিএমইএ ভবনে আসেন। সর্বশেষ মঙ্গলবার পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
দুপুর ১টার দিকে দেড় শতাধিক শ্রমিক বিজিএমইএ ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। দুপুর ৩টার দিকে পুলিশ লাঠিপেটা করে রাস্তা থেকে তুলে দিলে তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয়।
রমনা থানার ওসি শিবলি নোমান সাংবাদিকদের বলেন, "সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্যে আমরা শ্রমিকদের রাস্তা ছেড়ে দিতে বলেছি।"
শ্রমিকদের পাওনার বিষয়ে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, "কারখানাটির মালিক আমাদের সহযোগিতা করছে না। তাকে বৈঠকের জন্যে ডাকলেও আসেন না। আজ বিকালে তার আসার কথা ছিলো। কিন্তু তিনি আসেন নাই।"
"এখন শ্রমিকদের একটা সাময়িক সহায়তা দেওয়ার বিষয়ে আমরা চিন্তা করছি। এছাড়া মালিকদের সাতদিন সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে সে সমস্যার সমাধান না করলে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮২২ ঘ.
bdnews24