২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন

মানহানির মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন মাসের আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মানহানির মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন মাসের আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে পত্রিকার প্রকাশক হাসমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে এই মামলায় একই সময়ের জন্য জামিন দেয় আদালত। পাশাপাশি এ মামলায় তাদের কেন স্থায়ী আগাম জামিন মঞ্জুর করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে। রোববার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ মাহমুদুর রহমানসহ তিনজনের আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে এ আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার কথিত অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট আশরাফ হোসেন ২১ ডিসেম্বর মাগুরার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মানহানির মামলা দায়ের করেন। গত ২২ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় মাহমুদুর রহমান, পত্রিকাটির প্রকাশক হাসমত আলী, বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে ৩ জানুয়ারি পর্যন্ত হয়রানি না করতে নির্দেশ দিয়েছিল। এই আদেশ স্থগিত করার জন্য সরকার গত ২৭ ডিসেম্বর হাইকোর্টে আবেদন দায়ের করে। তবে ২৯ ডিসেম্বর আপিল বিভাগ মাহমুদুর রহমানকে হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত রাখার জন্য সরকারের করা আবেদনে কোন আদেশ দেয়নি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০০০ ঘ.