ফরিদপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের মাথায় ফরিদপুরে আরেকটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মধুখালী উপজেলার দীঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের জেলা প্রশাসক হেলালউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফরিদপুর চিনিকলের একটি গাড়ির সঙ্গে পদ্মা অয়েল কোম্পানির একটি ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ফরিদপুর চিনিকলের হিসাবরক্ষক মুক্তিযোদ্ধা হেলাল জোয়ার্দার (৪২), গাড়িচালক তোতা মিয়া (৫০) এবং দুইজন আনসার সদস্য নজরুল ইসলাম (৪৫) ও সুশীল কুমার বালা।
দুর্ঘটনায় আহতদের মধ্যে আশরাফ, লিটন, রহিম, জলিল, রেজাউল, মঞ্জুর, রিপন, তৈয়ব, রমজান, লিটন ও মাহবুবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া গুরুতর আহত ফরিদপুর চিনিকলের সহকারী হিসাবরক্ষক আব্দুর রউফ মোহনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিনিকলের গাড়িটি বিভিন্ন আখ ক্রয়কেন্দ্রের জন্য টাকা নিয়ে যাচ্ছিলো।
জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়িতে সাড়ে ৩ লাখ টাকা ছিল। পাহারায় ছিল ১২ জন আনসার সদস্য।"
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার বলেন, গাড়িতে থাকা তিন লাখ ৪০ হাজার টাকা খোয়া যায়। দুই লাখ ২১ হাজার টাকা পাওয়া গেছে। এক লাখ নয় হাজার টাকা পাওয়া যায়নি।
এছাড়া আনসার সদস্যদের ৭০ রাউন্ড গুলিও খোয়া গেছে বলে জানান জেলা প্রশাসক।
মধুখালী থানার ওসি সৈয়দ মহসিনুল হক বলেন, খোয়া যাওয়া টাকার মধ্যে এক লাখ টাকা প্রথমে পাওয়া যায়। এরপর দীঘলিয়া এলাকার কমরুলের (৩৬) কাছে এক লাখ ১০ হাজার, হাসমতের (৩০) কাছে সাত হাজার এবং পাইককান্দি গ্রামের শাহজাহানের (৪০) কাছে তিন হাজার দুইশত টাকা পাওয়া যায়।
দুর্ঘটনার মামলার সঙ্গে এই তিনজনকে চুরির মামলায় আসামি করা হবে বলে ওসি জানান।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তফা কামাল বলেন, মুক্তিযোদ্ধা হেলাল জোয়ার্দারকে তার গ্রামের বাড়ি মধুখালী উপজেলার রায়পুরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বাকিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ দুর্ঘটনার একদিন আগে শুক্রবার খুলনা থেকে ঢাকাগামী একটি বাস ফরিদপুরে খাদে পড়ে ১৭ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/ডিডি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24