২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত বিরোধিতায় মুখর খালেদা

প্রধানমন্ত্রী আসন্ন ভারত সফরে ট্রানজিট চুক্তি স্বাক্ষর বা টিপাইমুখ বাঁধ নির্মাণে সম্মতি দিলে সরকার বিরোধী আন্দোলনের হুমকি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 12:33 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী আসন্ন ভারত সফরে ট্রানজিট চুক্তি স্বাক্ষর বা টিপাইমুখ বাঁধ নির্মাণে সম্মতি দিলে সরকার বিরোধী আন্দোলনের হুমকি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার বিকালে পল্টন ময়দানে দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের এক সমাবেশে তিনি বলেন, ''প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে যদি টিপাইমুখ বাঁধ, ট্রানজিটের বিষয়ে কোনো সম্মতি দিয়ে আসেন, সমুদ্র সীমার বিষয়ে কোনো ফয়সালা না করে আসেন তা হলে আমরা আন্দোলনে যাব। দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি বিএনপি মেনে নেবে না।'' গত সাধারণ নির্বাচনের পর পল্টনের দ্বিতীয় সমাবেশে খালেদা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষা করে এলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। এর অন্যথা হলে; তিনি বলেন, "সেদেশ সফরে গিয়ে তাদেরকে সব দিয়ে এলে আমরা ফুলের মালা নয়, আপনার রাস্তায় কাঁটা দিয়ে আসব। প্রতিবাদ জানাব।'' ছাত্র দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে ছাত্র দলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলে ছাত্র সমাবেশটি বড় জনসমাবেশের রূপ নেয়। খালেদা জিয়া বেলুন ও কপোত উড়িয়ে ছাত্র দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির উদ্বোধন করেন। সমাবেশে তিনি ছাত্র দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ''কোনো প্রকার টেন্ডারবাজি, চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্র দলের কর্মীদের শৃঙ্খলা মেনে চলতে হবে।'' এর আগে সকালে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ছাত্র দল নেতা-কর্মীরা শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেয়। পল্টনের অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবলু। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন। মঞ্চে প্রধান অতিথি খালেদার সঙ্গে ছাত্র দলের সাবেক নেতাদের মধ্যে অধ্যাপক গোলাম হোসেন, মজিবুর রহমান, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফজুলল হক মিলন, ইলিয়াস আলী, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাহাবুদ্দিন লাল্টু, আজিজুল বারী হেলাল, এ বি এম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। ৩৫ মিনিট স্থায়ী বক্তব্যে বর্তমান সরকারের এক বছরের শাসনামলকে সম্পূর্ণ ব্যর্থ অভিহিত করে বিএনপি প্রধান বলেন, ''এ সরকার একটি ব্যর্থ ও অযোগ্য সরকার।'' ভারতীয় দূতাবাসকে ইঙ্গিত করে বিরোধী দলীয় নেতা বলেন, ''বিদেশী দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব সেদেশের নিরাপত্তা বাহিনী দিচ্ছে। এরপরও সরকার বলছেন, তারা কিছুই জানেন না। এ থেকে বোঝা যায়, এ সরকার দেশ পরিচালনা করছে না, অন্য কেউ দেশ পরিচালনা করছে।'' তিনি বলেন, ''এরকম সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।'' সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ''সরকারকে আমরা এক বছর সময় দিয়েছি। কোনো আন্দোলন, অবরোধ, মশাল মিছিলসহ কোনো কর্মসূচি দেওয়া হয়নি। আমাদের আশা ছিল সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়ন করবে। কিন্তু তারা তা করেনি।'' বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়সহ নানাভাবে সরকার দমনপীড়ন চালাচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, ''মানুষ আজ অধৈর্য্য ও অসহায় হয়ে পড়েছে। বিদেশীদের খুশি করার কাজে এ সরকার ব্যস্ত রয়েছে। এ অবস্থা আর সহ্য করা হবে না।'' প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খালেদা বলেন, ''ছাত্রলীগকে সামলান। তাদের টেন্ডারবাজির জন্য আপনি ওই সংগঠনের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছিলেন। এভাবে দেশ পরিচালনা করতে র্ব্য হলে আগামীতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশকে বাঁচান।'' সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ ফজলুল হক মিলনসহ ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথি সারিতে বিএনপি নেতা আর এ গনি, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, সাদেক হোসেন খোকা, শাহজাহার ওমর, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, রুহুল আলম চৌধুরী, ফজলুর রহমান পটল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জয়নুল আবদিন ফারুক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল হক, অধ্যাপক মাহবুবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৮৪৫ ঘ.