২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘ। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘ। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কে তার হোটেলে দেখা করে এ প্রশংসা করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 'কাউন্টার টেরোরিজম কমিটি'র প্রধান মাইক স্মিথ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, "কাউন্টার টেরোরিজম কমিটি সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের প্রশংসা করে মন্ত্রীকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।" মন্ত্রী এ সময় সন্ত্রাসবাদবিরোধী অধ্যাদেশ-২০০৮ এবং অর্থপাচার প্রতিরোধ অধ্যাদেশ-২০০৮ জারি করাসহ সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় গৃহীত সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর আগে যুক্তরাষ্ট্রের ব্যুরো ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ও ব্লেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "তাদের আলোচনায় জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী ইস্যু প্রাধান্য পায়। সন্ত্রাসবাদ কীভাবে বিশ্বের উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজনীয় সম্পদ নষ্ট করছে তা নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। "দীপু মনি এ প্রসঙ্গে অভিযুক্ত লোকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সহজতর পদ্ধতি খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।" বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/২২৩০ ঘ.