২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির প্রকৌশলী ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলীকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগে দায়ের করার মামলায় একই সংস্থার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আজীজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 11:42 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলীকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগে দায়ের করার মামলায় একই সংস্থার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আজীজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকেল চারটায় ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান তার জামিন আবেদন নাকচ করে এ নির্দেশ দেন। একই সঙ্গে অপরাধ গুরুতর হওয়া সত্ত্বেও কেন মামলার এজাহারে 'জামিন অযোগ্য' ধারা উল্লেখ করা হয়নি- সে বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে বৃহস্পতিবার সকালের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়েছে। ২৭ সেপ্টেম্বর ডিসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল কাদির অভিযোগ করেন, ওইদিন তাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেয় প্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগ সার্কেল-১- এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আজীজ। তিনি এ ব্যাপারের মেয়রের কাছে লিখিত অভিযোগও করেন। পরে ওই ঘটনায় ফারুক আজীজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। হুমকির ঘটনায় প্রধান প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পর দিন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, 'ডিসিসিতে রোববার সরকারি দলের সমর্থক একজন প্রকৌশলী সেখানে ডেপুটেশনে কর্মরত সেনাবাহিনীর একজন ঊচ্চপদস্থ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের যে হুমকি দিয়েছেন, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।" ২৯ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের শেখের টেকের বাসা থেকে ২৫ রাউন্ড গুলি ও পিস্তলসহ ফারুক আজীজকে গ্রেপ্তার করে র‌্যাব। ্বুধবার দুপুর ২টায় তাকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের কোর্ট হাজতে নেওয়া হয়। এরপর বেলা পৌনে ৪টার দিকে শুনানি শুরু হয়। জামিন আবেদনের শুনানিতে ফারুকের আইনজীবী গোলাম মোস্তফা খান ও এহসানুল হক সমাজী বলেন, "অভিযুক্ত ফারুক ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্বাচিত নেতা। তিনি আরও কয়েকজন প্রকৌশলীকে নিয়ে বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে কথা বলতে প্রধান প্রকৌশলীর দপ্তরে গিয়েছিলেন। কথা প্রসঙ্গে সেখানে প্রকৌশলীদের পদোন্নতির বিষয়টিও আসে।" তারা আরও বলেন, "ঘটনার সময় প্রধান প্রকৌশলীকে ফারুক কোনও হুমকি দেননি বা অস্ত্র দেখাননি। আর মামলার সমস্ত ধারাই জামিনযোগ্য। এ ধারায় অভিযুক্তকে আসামিও বলা যায়না। জামিন দেওয়া বা না দেওয়া বিচারকের অন্তর্নিহিত ক্ষমতার মধ্যে পড়লেও জামিনযোগ্য ধারার মামলায় এ ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগই নেই।" শুনানিতে এ বক্তব্যের বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী জাকারিয়া হায়দার বলেন, "অভিযুক্ত জামিনযোগ্য ধারার আসামি হলেও যদি তাকে জামিন দেওয়া হয়, তাহলে ঢাকা সিটি করপোরেশনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।" তিনি আরও বলেন, "পুলিশ ভালোভাবে তদন্ত করলে হত্যাপ্রচেষ্টার বিষয়টিও মামলায় আসবে। তাই জামিন আবেদন নাকচ করা হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসএইচ/১৭৪১ ঘ.