২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, রাজশাহী ও গাজিপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, রাজশাহী ও গাজিপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: ভাঙ্গা উপজেলার বাস-মোটর সাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম শিপন চৌধুরী (৩১)। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারফতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস শিপনের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধামরাই: ধামরাইয়ের কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুজন নিহত হয়। নিহতরা হচ্ছে- সাভার এনাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও কালামপুরের হলি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোতাসীম বিল্লাহ (২৬) এবং ধামরাইয়ের হুজুরি টুলা এলাকার সোহেল খান মজলিশ (২৩)। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোতাসীম প্রাইভেটকার নিয়ে কালামপুর থেকে ইসলামপুরে বাড়ি যাওয়ার পথে বেলা ১১টার দিকে কেলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সোহেলকে চাপা দেয়। এরপর গাড়িটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোতাসীমও মারা যায়। চট্টগ্রাম: নগরীর বন্দর থানার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) সকালে রাইডারের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়। নিহতরা হলেন, রাজিয়া বেগম (৪০) ও জাহাঙ্গীর আলম (৩০)। তারা ইপিজেড এলাকার একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আহতরাও পোশাক শ্রমিক। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সোয়া ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ইপিজেড সংলগ্ন নেভি স্কুল এন্ড কলেজ গেটের সামনে একটি যাত্রীবাহী রাইডার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজিয়া ও জাহাঙ্গীর মারা যান।" পুলিশ গাড়িটি আটক করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে। রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বুধবার জাকেনা বেগম (৪০) নামের এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই শিশু সন্তান নকিব ও খাতেজা। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিনুল জানান, দরগাপাড়া এলাকার জাকেনা সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু সন্তানকে নিয়ে কাকনহাট রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে কাঁকনহাটগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাকেনা মারা যান। স্থানীয়রা বাসটি আটক কওে পুলিশে দিয়েছে। গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার দুজন নিহত হয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাথী আক্তার সুমি (২৫)। তিনি নাটোরের নলডাঙ্গা থানার সরকুতুরিয়ার মোল্লাপাড়া এলাকার ছাত্তার বেপারীর মেয়ে। মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার টেকনপাড়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় সুমি ঘটনাস্থলে নিহত হন। অপর দুর্ঘটনাটি ঘটে বেলা পৌনে ৩টার দিকে গাজীপুর সদরের মালেকের বাড়ি এলাকায়। ঢাকাগামী একটি বাসের নিচে চাপা পড়ে এক অজ্ঞাত রিকশারোহী (৫০) ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এফএফ/এমইউএস/এমআই/১৭২০ ঘ.