চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে নির্দোষ দাবি করে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছেন সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিন।
চট্টগ্রাম বন্দরের সিসিটিতে দরপত্রে অনিয়মের তদন্তে গঠিত কমিটির কাছে বুধবার হাজির হন তিনি। তদন্ত কমিটি ওই ঘটনায় অপর অভিযুক্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদকে মতিনের মুখোমুখি করে।
সকাল ১০টায় মতিন চট্টগ্রাম বন্দরের বোর্ড রুমে স্থাপিত দুর্নীতি দমন কমিশনের অস্থায়ী ক্যাম্পে যান। দুদকের তদন্ত দলের তিন কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত বক্তব্য দিয়ে ১১টা ১০ মিনিটে বের হন তিনি।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতিন সাংবাদিকদের বলেন, "বন্দরের কন্টেইনার টার্মিনাল দরপত্রে অনিয়মের প্রশ্নই উঠে না। সম্পূর্ণ স্বচ্ছভাবে দরপত্র গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে সবচেয়ে কম দরদাতাদেরই কাজ দেওয়া হয়।"
তদন্ত কমিটি কী জানতে চেয়েছে- জানতে চাওয়া হলে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান মতিন বলেন, "এটি তদন্তাধীন বিষয়। যা বলেছি, কমিটির কাছে বলেছি। বাইরে কিছু বলব না।"
তবে তিনি বলেন, "দরপত্রে কোনও অনিয়ম হয়েছে বলে আমি মনে করি না। অনিয়মের অভিযোগ উঠতেই পারে। এর উদ্দেশ্যটা কী, সেটাই মূল বিষয়।"
অনিয়মের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, "ব্যক্তিগত স্বার্থ নিয়ে এ ক্ষেত্রে কেউ কাজ করেছে বলে আমার মনে হয় না।"
মতিন জানান, তার সময়ে বন্দর সংস্কারের উদ্যোগ দেশের স্বার্থেই নেওয়া হয়। এতে বন্দরের কার্যক্রমেই গতি এসেছে।
মতিনের বিরুদ্ধে অভিযোগ চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে এ জন্য মামলার সুপারিশ করে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ ঘটনায় মামলার সুপারিশ করে। এরপর নৌ পরিবহন মন্ত্রণালয় ওই সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠালে কমিশন তদন্ত শুরু করে।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শেখ মো. ফানা ফিল্লাহের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল মঙ্গলবার চট্টগ্রামে এসে তদন্ত শুরু করে।
মতিনের বক্তব্য নেওয়ার পর ফানা ফিল্লাহ সাংবাদিকদের বলেন, এম এ মতিনের বক্তব্য নেওয়ার পাশাপাশি তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের মুখোমুখিও করা হয়।
মতিন কী বলেছেন- জানতে চাওয়া হলে তদন্তাধীন বিষয় বলে তা এড়িয়ে যান তিনি।
তদন্ত কমিটি কী কী কাজ করেছে- জানতে দুদক কর্মকর্তা বলেন, সিসিটি সরেজমিন পরিদর্শন করেছি। এ সংক্রান্ত কিছু নথিপত্র জব্দ করেছি। আজ রাত ৮ পর্যন্ত বিভিন্ন জনের বক্তব্য শুনব। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা চলবে।
কমিটি সিসিটির কন্টেইনার হ্যান্ডলিংয়ের দরপত্র মূল্যায়ন কমিটি এবং চবক সদস্যদেও বক্তব্য শুনছে। তারা মঙ্গলবার নয় জনের বক্তব্য শোনে। ২০ জনের বক্তব্য শোনার টার্গেট রয়েছে বলে ফানা ফিল্লাহ জানান।
তিনি বলেন, আরও যদি কারও বক্তব্য শোনার প্রয়োজন হয় তবে তাদের কমিশনের ঢাকা কার্যালয়ে তলব করা হবে।
সকালে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়া বন্দরের সদস্য (অর্থ) হারুন মিয়ার বক্তব্য শোনে তদন্ত দল। মঙ্গলবার বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদসহ নয় কর্মকর্তার বক্তব্য শোনা হয়।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- দুদকের ঢাকা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক জাহিদ হোসেন এবং চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক আবদুল আউয়াল।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০০৬ সালের জুন মাসে সিসিটি পরিচালনার জন্য সাইফ পাওয়ার টেককে দুই বছরের জন্য নিয়োগ করা হয়। ওই মেয়াদ শেষ হলে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়।
২০০৮ সালের নভেম্বরে প্রথম দরপত্র বাতিল করার পর ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো দরপত্র আহ্বান করা হয়। এতে এছাক ব্রাদার্স প্রতি কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য সর্বনিম্ন ৩৪০ টাকা দর দেয়। মন্ত্রণালয় সর্বনিম্ন দরটি গ্রহণ করে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেয়।
২০০৯ সালের ২ ফেব্র"য়ারি বন্দর কর্তৃপক্ষ সিসিটি পরিচালনার জন্য এছাক ব্রাদার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সংসদীয় কমিটির অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24