ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১১ চিকিৎসকের অব্যাহতি আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
বুধবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানিয়ে বলেন, "এভাবে বিশেষজ্ঞদের সরিয়ে দলীয় লোকদের পদায়নের ফলে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়বে।''
অবসর নেওয়ার পরও বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিধিবহির্ভূতভাবে চাকরিতে বহাল রাখার অভিযোগে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ১১জন অধ্যাপককে অব্যাহতি দেয়।
তবে বিএনপি আমলে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ অস্বীকার করে মোশাররফ বলেন, "যে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুসরণ করেই করা হয়েছে। দলীয় বিবেচনায় তাদের বিএনপি আমলে নিয়োগ দেওয়া হয়নি।
"বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০০১-০৬ সাল পর্যন্ত নিয়োগকৃতদের চাকুরিচ্যুত করতে একের পর এক তদন্ত পরিচালনা করা হচ্ছে। এটা হয়রানিমূলক। কিন্তু ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত অনিয়মের তদন্ত করছে না সরকার,'' অভিযোগ করেন তিনি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই চিকিৎসকদের হয়রানি শুরু হয়েছে অভিযোগ করে মোশাররফ বলেন, "অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু হওয়া চিকিৎসাখাতে দমন নিপীড়ন, হয়রানি ও বদলির খড়গ এ সরকারের আমলে আরও বেড়েছে।"
এ সরকারের নয়মাসের মধ্যে প্রতিমাসেই কয়েকশ' চিকিৎসককে বদলি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "নিয়মকানুনের তোয়াক্কা না করে গত নয়মাসের মধ্যে গড়ে প্রতিমাসে কয়েকশ' চিকিৎসককে বদলি করা হয়েছে। সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়র, অভিজ্ঞ ও যোগ্যদের সরিয়ে অনভিজ্ঞ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে পদায়নে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।
"স্বাস্থ্যখাতে নেমে এসেছে চরম স্থবিরতা। মেডিকেল শিক্ষা কার্যক্রমও ধ্বংসের মুখোমুখি।''
এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও অভিযোগ করেন, "বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের সরিয়ে দেওয়া হচ্ছে।
মোশাররফ আরও জানান, ২০০৯ সালের শুরু থেকে ওই বিশ্ববিদ্যালয় থেকে ভিন্নমতের বিশেষজ্ঞদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে সরকার। এক্ষেত্রে তিনি চাকুরিচ্যূত অধ্যাপক এ কে এম ফজলুল হক, জোনায়েদ সফিক, এ এম মজিদ ও সিরাজউদ্দিনের নাম উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সব অনিয়মের তদন্তও দাবি করে তিনি বলেন, "সরকারের দায়িত্ব দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। চিকিৎসা কোনও দলীয় বিষয় নয়। জনগণ দলীয়করণের এ অবস্থা থেকে পরিত্রান চায়। আমি আশা করছি, সরকার দল নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।"
সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানকে বিমান বন্দর থেকে গ্রেপ্তারের বিষয়টিকে অমানবিক দাবি করে মোশাররফ তার ওপর নির্যাতনের নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, দলের যুগ্ম-মহাসচিব সেলিমা রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৬০০ ঘ.
bdnews24