২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তা কোহিনুরের বিরুদ্ধে শান্তার মামলাটি গ্রহণ

পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) কোহিনুর মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শাহিনা সুলতানা শান্তার করা নির্যাতনের বাতিল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 07:29 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) কোহিনুর মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শাহিনা সুলতানা শান্তার করা নির্যাতনের বাতিল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশে শান্তার দায়ের করা বাতিল মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে।" এর আগে মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এমদাদুল হক শান্তার জবানবন্দি গ্রহণ করে বাতিল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। জবানবন্দি গ্রহণ শেষে শান্তার স্বামী অ্যাডভোকেট আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারক শান্তার জবানবন্দি গ্রহণ করেছেন। এছাড়া এর আগে দায়ের করা বাতিল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ধানমন্ডি থানার ওসিকে নির্দেশ দেওয়া হবে বলেও বিচারক জানিয়েছেন।" ২০০৬ সালের ১২ মার্চ ধানমণ্ডির রাপা প্লাজার সামনে শান্তা পুলিশি নির্যাতনের শিকার হন। সেদিন তখনকার বিরোধী দল আওয়ামী লীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলছিলো। শান্তা তখন তার ছেলেকে বিদ্যালয় থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। এর দু'দিন পর ১৪ মার্চ শান্তা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঢাকা মহানগর পুলিশের তখনকার উপ-কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক, উপ-কমিশনার (পশ্চিম) কোহিনুর মিয়া ও কনস্টেবল রুহুল আমীনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে সিআইডি কর্মকর্তা আলী হায়দারী ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। শান্তা ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করেন। পুলিশের বিরুদ্ধে তদন্তকারী হিসেবে পুলিশ নিরপেক্ষ থাকতে পারে না দাবি করে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন নির্যাতিত শান্তা। কিন্তু তখনকার মহানগর হাকিম শফিক আনোয়ার বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনাটি সঠিক নয় মন্তব্য করে প্রতিবেদন জমা দেন। পরে শান্তা এতে নারাজি আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। ওই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন (পুনর্বিবেচনা) আবেদন করেন শান্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এএনএস/এমআই/১২৪৫ ঘ.