কক্সবাজার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া স্লুইস গেইট এলাকা থেকে মঙ্গলবার সকালে মিয়ানমারের দুই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ওই দুই মহিলার মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে একজন হলেন- মিয়ানমারের মংডু শহরের ফইজিপাড়ার রহিমা খাতুন (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাফ নদীর কাছে টেকনাফের সাবরাং নয়াপাড়া স্লুইচ গেইট এলাকায় খালে ভাসমান অবস্থায় দুই মহিলার লাশ পাওয়া যায়।
তিনি জানান, টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ায় বসবাসকারী রহিমা খাতুনের মেয়ে আরেফা বেগম তার মায়ের লাশ সনাক্ত করেন।
আরেফা পুলিশকে জানিয়েছেন, চিকিৎসার জন্য তার মা রহিমা খাতুন চোরাই পথে বাংলাদেশে আসছিলেন।
পুলিশ কর্মকর্তা মিজান জানান, সম্ভবত চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে নৌকাডুবিতে দুই মহিলার মৃত্যু হয়েছে। তবে পুলিশ নৌকাটি উদ্ধার করতে পারেনি এবং নৌকায় অন্য কারা ছিল তাদেরও সনাক্ত করতে পারেনি।
নৌকাডুবিতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, এ ঘটনায় আরও কোনো বিষয় জড়িত কিনা তিনি নিশ্চিত নন। লাশ উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24