২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গণিকে হত্যার জন্য আমান কিলার নিয়োগ করেন'

ঢাকার কেরাণীগঞ্জের ব্যবসায়ী ও গত নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ওসমান গণিকে হত্যা করতে এক লাখ টাকায় আমানউল্লাহ আমান কিলার নিয়োগ করেছিলেন। ঘটনার প্রায় তিন মাস আগে আমানের মহাখালি নিউ ডিওএইচএস'এর বাড়িতে এ চুক্তি হয় বলে জানিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাফর আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরাণীগঞ্জের ব্যবসায়ী ও গত নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ওসমান গণিকে হত্যা করতে এক লাখ টাকায় আমানউল্লাহ আমান কিলার নিয়োগ করেছিলেন। ঘটনার প্রায় তিন মাস আগে আমানের মহাখালি নিউ ডিওএইচএস'এর বাড়িতে এ চুক্তি হয় বলে জানিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাফর আহমদ। মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার আতাউর রহমান এবং সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছে বলে জানান তিনি। গত ১১ জুন সোহেল রানা এবং ১২ জুন আতাউর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত কর্মকর্তা জাফর আহমেদ আরো জানান, এ দু'জনের সঙ্গে চুক্তির পর তারা এবাদুল হক বাদল এবং জিএম মোরশেদ টুটুল নামে দুই কিলারকে নিয়োগ দেয়। ঘটনার দিন তারা ঘটনাস্থল মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে যায় এবং ওঁৎ পেতে থাকে। তিনি জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা পুলিশকে বলেছে, ওসমান গণি গাড়িতে ওঠার মুহূর্তে বাদল বেশ কয়েক রাউন্ড গুলি করে মটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। একই এলাকার বাসিন্দা হিসাবে ওসমান গণির সঙ্গে আতাউর রহমানের সম্পর্ক ছিল। ঘটনার দিন ওসমান গণি সলিমুল্লাহ রোডে তার এক মামার বাসায় যান। এসময় আতাউর তার সঙ্গে ছিলেন। ওসমান গণি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে আতাউর বের হয়ে কিলারদের তথ্য দেয়। এরপর কিলাররা গুলি করে পালিয়ে যায়। গত ৩১ মে ওসমান গনির ভাই আব্দুল মান্নাফের দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, ওসমান ও তার বন্ধু আব্দুস সোবহান ২৯ মে গাড়িতে করে যাওয়ার সময় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে তাদের গাড়ি থামিয়ে গুলি ছোড়া হয়। এতে ওসমানের শরীরে পাঁচটি গুলি লাগে। গোয়েন্দা পুলিশ ওই মামলা তদন্ত করছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে সোহেল রানা, আলমগীর হোসেন, এবাদুল ইসলাম বাদল, জিএম মোরশেদ টুটুল ও আতাউর রহমান নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং আমানের বাসায় বসে হত্যার পরিকল্পনার বিষয়টি আতাউর এবং সোহেল রানার জবানবন্দিতে ষ্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাফর আহমদ। আতাউর ও সোহেলের জবানবন্দির বরাত দিয়ে তিনি আরো জানান, ওসমান আগে জাতীয় পার্টি করতো। পরে বিএনপিতে যোগ দেন। কিন্তু আমানের কারণে তিনি এলাকায় যেতে পারছিলেন না। পরে সমঝোতা করে এলাকায় যাওয়া শুরু করেন। তবে গত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করায় আমান ক্ষিপ্ত হয়ে এ পরিকল্পনা করে। এ ব্যাপারে ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে হত্যার করার জন্য আমান কেরাণীগঞ্জের একটি ফিলিং স্টেশনের মলিকের মাধ্যমে হত্যাকারীদের ৩ লাখ টাকা দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২১০৭ ঘ.