২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোমা হামলা মামলায় আরিফের রিমান্ড শুনানি ৬ অক্টোবর

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার বিএনপি নেতা আরিফুর রহমান আরিফকে সাতদিন হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 05:59 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার বিএনপি নেতা আরিফুর রহমান আরিফকে সাতদিন হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। আদালত ৬ অক্টোবর আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। রোববার সকালে আরিফকে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আরিফুর রহমানের আদালতে হাজির করা হয় ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার আরিফকে। আবেদনের শুনানিতে অংশ নেন কোর্ট পুলিশের উপ-পরিদর্শক উজির আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান দীপু, মামলার বাদী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ। বাদী পক্ষ আদালতকে জানায়, আরিফ বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনা সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসবে। আসামি পক্ষের আইনজীবী ভূঁইয়া বারী আদালতে বলেন, আরিফ অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। হেফাজতের নেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, হয়রানি করার জন্য সিআইডি তাকে (আরিফ) হেফাজতে নিতে চায়। বুধবার আরিফকে চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখায় সিআইডি । ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্পের ইনর্চাজ ইউসুফ আলী মোল্লা জানান, চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনার সঙ্গে বিএনপি নেতা আরিফুর জড়িত বলে জিজ্ঞাসাবাদকালে জানিয়েছেন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান। এর আগে এই মামলায় মুফতি আবদুল হান্নানকে তিন দফায় ১৯ দিন সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলায় নারায়ণগঞ্জের স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত উল্লাহ জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০০১ সালের ১৬ জুন চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বর্বরোচিত বোমা হামলায় ২০ জন নিহত ও শতাধিক আহত হয়। হতাহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। ঘটনার পরপরই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারসহ বিএনপির ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ২০০২ সালের জুনে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের ইনর্চাজ সহকারী পুলিশ সুপার ইউসুফ আলী মোল্লার আবেদেনে আদালত মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৮ ঘ.