ঝালকাঠি, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝালকাঠি সদরের আড়তদার পট্টির তিনটি গুদাম থেকে রোববার সন্ধ্যায় তিন হাজার ৫৫০ বস্তা চিনি জব্দ করা হয়েছে।
শনিবার যশোরের অভয়নগর উপজেলার দুটি গুদাম থেকে ৭৪ হাজার বস্তা চিনি জব্দ করা হয়।
ঝালকাঠিতে জব্দ করা চিনির মধ্যে ইকবাল ব্রাদার্সের রয়েছে ২৮০০ বস্তা, দুলাল সাহার ৬০০ বস্তা ও শাহিন ট্রেডার্সের ১৫০ বস্তা। এর মধ্যে মাদারীপুর ও পটুয়াখালী পাঠানোর সময় ইকবাল ব্রাদার্সের ৩৯০ বস্তা চিনিসহ একটি ট্রাক ও একটি কার্গো আটক করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে এই অভিযান চালানো হয়। এ সময় সদর থানা পুলিশও ছিল।
এনএসআই কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গুদাম মালিকরা এসব চিনি কেনার কাগজপত্র দেখাতে পারেননি। ঈদের অনেক আগে এসব মজুদ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি জানান, ঝালকাঠির আরও কয়েকজন চিনি ব্যবসায়ীর গুদামে মজুদকৃত চিনির সন্ধান পাওয়া গেছে। ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এসব চিনি ঝালকাঠিতে এনে গুদামজাত করেছে বলে তাদের কাছে খবর আছে।
গুদাম তিনটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও এনএসআই কর্মকর্তা জানান।
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইকবাল ব্রাদাসেৃর স্বত্বাধিকারী দুলু মিয়া জানান, ১৯ সেপ্টেম্বর তিনি এসব চিনি সিটি মিল থেকে কিনেছেন। চিনি কেনার কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24