২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির মঙ্গলের জন্যই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন: ভূমিমন্ত্রী

জাতির মঙ্গলের জন্যই ডিসেম্বরের মধ্যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

শেরপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির মঙ্গলের জন্যই ডিসেম্বরের মধ্যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে ধনভাঙ্গা গুচ্ছ গ্রাম পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের একথা জানান। ভূমিমন্ত্রী বলেন, "কাগজপত্রে দেখা যায় ১ লাখ ৯২ হাজার একর প্রত্যর্পণযোগ্য ভূমি সরকারের কাছে আছে। আরো চার লাখ ৪৫ হাজার একর অর্পিত সম্পত্তি কার হাতে আছে তা এখনও নির্ণয় করা যায়নি। সে জন্যই জাতীয় স্বার্থ বিবেচনা করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন কার্যকর করা হচ্ছে।" এ আইন কার্যকর হলে জাতি উপকৃত হবে- এই অভিমত ব্যক্ত করে তিনি আরো বলেন, "যারা গায়ের জোরে জমি দখল করে আছে তাদের উৎখাতের ব্যবস্থা নেওয়া সহজ হবে।" এ সময় মন্ত্রীর সঙ্গে পিএসসির সাবেক সদস্য ডা. সোহরাব আলী, স্থানীয় উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবুসহ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিন রেজাউল করিম হিরা গুচ্ছ গ্রাম পরিদর্শন ছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও জেলা পূজামণ্ডপ ঘুরে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২০৪৮ ঘ.