নীলফামারী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর ডিগ্রি কলেজে শনিবার এক অধ্যাপককে লাঞ্ছিত করেছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা।
আশরাফুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় সাংসদ মারুফ সাকলাইনের উপস্থিতিতে কলেজ পরিচালনা পর্ষদের সভায় তাকে লাঞ্ছিত করা হয়।
তবে কলেজের অধ্যক্ষ নার্জিজ বানু বলেন, সভায় কিছু বিশৃঙ্খলা হলেও পরে তা মিটে যায়।
পরিচালনা পর্ষদের একাধিক সভ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের চাকরিচ্যুত শিক্ষক ও আওয়ামী লীগ নেতা সাখওয়াত হোসেন সভার এক পর্যায়ে আশরাফুলের ওপর চড়াও হয়।
কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমপির উপস্থিতিতে আমাকে মারধর করা হয়েছে। আমি তার বিচার চাই। তা না হলে সৈয়দপুরবাসীকে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হব।"
পরিচালনা পর্ষদের সভায় গোলযোগের পর কলেজে পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ নার্জিজ বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থেকে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তবে তা ইতোমধ্যে তা মিটে গেছে।"
সাংসদ মারুফ সাকলাইনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেমন কিছু ঘটেনি, দয়া করে আপনারা অতিরঞ্জিত কিছু লিখবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24