শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৫ সাল অর্থাৎ আগামী ছয় বছরের মধ্যে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৭০০ কোটি ডলারে উন্নীত করার আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল গ্র্যান্ড হায়াতের হল রুমে এক সেমিনারে তিনি এ আশার কথা জানান।
বাংলাদেশে অনুকূল পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
সেমিনারে জেপি মর্গান, বেয়ার স্টেয়ার্নস, সিটিব্যাংকসহ বিভিন্ন বিদেশি ও দেশি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বহির্বিশ্বে দুর্নীতি, দারিদ্র ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত হয়ে আসছে। অথচ এর বিপরীতে এ দেশের অপার সম্ভাবনার চিত্রটি অনেকেই জানেন না। সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার চিত্রই হচ্ছে বাংলাদেশের আসল বাস্তবতা।
তিনি বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠি শ্রমবাজারে বিশ্বের যে কোনও দেশকে চ্যালেঞ্জ জানাতে পারে।
বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এশিয়া মহাদেশে ভারত ও চীনের মাঝখানে আমাদের অবস্থান। তাই বিদেশিরা এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে বেছে নিতে পারে বাংলাদেশকে।
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তিনটি বিষয় সুবিধা হিসেবে কাজ করবে বলে বিদেশিদের জানান প্রধানমন্ত্রী। এগুলো হচ্ছে- সস্তা শ্রম, ১৫ কোটি ক্রেতা এবং এশিয়া অঞ্চলে ৩০ কোটি মানুষের বাজারে প্রবেশ সুবিধা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছিল ১০০ কোটি ডলার। এর মধ্যে দুই-তৃতীয়াশই আসে ক্রমবর্ধমান টেলি যোগাযোগ খাতে।
বৈদিশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ সমস্যার সমাধানের দিকে মনোযোগী হয়েছে। ৫ হাজার ৫০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিয়ে পরিস্থিতি সামাল দিতে সরকারকে বেশ হিমশিম খেতে হচ্ছে।
চলমান মন্দার প্রভাব অনেক উন্নত দেশকে সঙ্কটে ফেললেও বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব খুব একটা পড়েনি।
হাসিনা বলেন, বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশকেও ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল। কিন্তু অস্থিরতার এই ঢেউকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) উদ্যোগের কথাও বলেন তিনি।
হাসিনা বলেন, পিপিপির অধীনে বিদেশি বিনিয়োগ আকর্ষণে তিনটি প্রকল্পে ৩৫ কোটি টাকা সরকার রেখেছে।
পিপিপির কার্যক্রম সমন্বয়কারী কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনে এর কাজের সঙ্গে বিনিয়োগ বোর্ডকেও সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি।
দেশে ই-গভর্নেন্স চালুর কথা তুলে ধরে হাসিনা বলেন, "ইন্টারনেট খরচ ৭৫ শতাংশ কমিয়ে আনবে বাংলাদেশ।"
মানি ট্রান্সফারিং প্রতিষ্ঠান ট্রান্সফার্স্ট'র আর্থিক সহায়তায় ওই সেমিনারে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর আগাম হিসেবে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০০৯ সালে হবে ৫ শতাংশ এবং ২০১০ সালে হবে ৫ দশমিক ৪ শতাংশ।
তবে শেখ হাসিনার সরকার ২০০৯ সালের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে ৬ শতাংশ।
বাংলাদেশের আয়ের ক্ষেত্রে আরেকটি বড় অবদান রাখছে রেমিটেন্স অর্থাৎ বিদেশে চাকরিরতদের পাঠানো অর্থ। গত জুনে শেষ হওয়া অর্থবছরে রেমিটেন্সের হার আগের বছরের চেয়ে ২২ শতাংশ বেড়েছিল। এছাড়া তৈরি পোশাক রপ্তানিও বাংলাদেশের আয়ের একটি বড় খাত।
নেপালের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক:
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
নিউ ইয়র্ক থেকে সাংবাদিক আবু তাহের জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মালদ্বীপকে উঁচু করতে বাংলাদেশ থেকে মাটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট নাশিদ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একসঙ্গে কাজ করতেও দুটি দেশ একমত হয়েছে।
প্রেসিডেন্ট নাশিদ জানিয়েছেন, মালদ্বীপ শিগগিরই বাংলাদেশ থেকে ৬৫ জন চিকিৎসক নেবে।
নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমারের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে ট্রানজিট, মংলা মন্দর ব্যবহার নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ওপর তারা জোর দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত মঙ্গলবার নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী। শনিবার তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন হাসিনা। আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/কিউএইচ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24