ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণ ও দারিদ্র্যের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। বুধবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
ভয়েস অব আমেরিকা এ খবর দিয়েছে।
বান কি-মুন উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনকে মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। আগেরদিন জাতিসংঘে তার আয়োজনে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ভাষণে 'একযোগে কাজ করার এক নবযুগের' সূচনা করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তার প্রথম ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, "বিশ্বের জন্য এখন নতুন পথে চলার সময় এসেছে। পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে আমাদের অবশ্যই একযোগে কাজ করার এক নবযুগকে আলিঙ্গন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২১৫০ ঘ.
bdnews24