২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগের দিন প্রায় ফাঁকা বন্দরনগরী

ঈদের ছুটিতে গ্রামের দিকে ছুটেছে নগরবাসী। গত তিন দিনের বহির্মুখী জনস্রোতে বন্দরনগরী রীতিমত ফাঁকা। শুধুমাত্র বড় বিপনীবিতান এবং বাস ও রেল স্টেশনগুলো ছিল ব্যতিক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে গ্রামের দিকে ছুটেছে নগরবাসী। গত তিন দিনের বহির্মুখী জনস্রোতে বন্দরনগরী রীতিমত ফাঁকা। শুধুমাত্র বড় বিপনীবিতান এবং বাস ও রেল স্টেশনগুলো ছিল ব্যতিক্রম। ঈদের প্রস্তুতিতে রমজানের শেষের দিকে যতটা ব্যস্ত ছিল নগরী, এখন ততটাই ফাঁকা। আর রোববার বিকেল থেকেই পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে উৎসবের আমেজ। ঈদের নির্ধারিত ছুটি শুরুর আগে শুক্রবার ও শনিবার হওয়ায় অনেকেই আগেভাগে নগরী ছেড়েছেন। শনিবার রাতে অধিকাংশ মানুষ শহর ছাড়ায় রোববার সকাল থেকে আগের কয়দিনের সেই ভিড় নিমিষে উধাও হয়ে যায়। রাস্তাঘাটে সিএনজি অটোরিকশা ও রিকশা ছাড়া অন্যান্য যানবাহন ছিল খুবই কম। তবে নগরীর বড় বিপনী বিতানগুলো বরাবরই ছিল ক্রেতার ভিড়ে জমজমাট। রোববার সন্ধ্যা থেকে চাঁদ রাতের কেনাকাটা শুরু হয় জোরেশোরে। নগরবাসী শেষ মুহূর্তে ভিড় করেন কাঁচা বাজারগুলোতে। গরুর মাংসের দোকানগুলোতে ব্যাপক ক্রেতার সমাগমের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। আড়াই'শ টাকার গরুর মাংস বিক্রি হয় সাড়ে তিনশ' টাকায়। মাংসের পাশাপাশি দুধের বাজারেও আগুন লেগেছে। চাহিদার তুলনায় তরল দুধের সরবরাহ কম থাকায় সুযোগসন্ধানী বেশিরভাগ দোকানি যার কাছ থেকে যা পারছেন তাই কামিয়ে নিচ্ছেন। ৬০/৬৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে মিল্ক ভিটা। গলির দোকানগুলোতে পরিচিত ছাড়া অন্য কেউ সেটাও পাচ্ছেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চন্দনপুরার দোকানী পারভেজ খান। এদিকে, নগরীর অধিকাংশ শিল্প কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের যাওয়া-আসাও বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের ভোগান্তি থেকে সাময়িক হলেও মুক্তি মিলেছে নগরবাসীর। সব মিলিয়ে এ সময়ে যারা নগরীতে রয়েছেন তারা স্বস্তিতেই আছেন বলে মন্তব্য করলেন, জামাল খান এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩২০ঘ.