ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিবাগে অগ্নিদগ্ধ এক গৃহবধূ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
কেরোসিনের আগুনে দগ্ধ সালমা আক্তারের (৩৫) স্বামী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খন্দকার মেজবা উদ্দিন।
সালমার সারা শরীর পুড়ে গেছে।
সালমার বড় বোন বিলকিস হোসেন অভিযোগ করেন, রোববার দুপুর ১২টার দিকে সালমার স্বামী মেজবা তার বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিয়ের পর থেকে মেজবা তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো।"
মেজবা ও সালমা ১৯১/১ শান্তিবাগের বাসায় থাকতেন। সালমার পরিবারের সঙ্গে তাদের কোন যোগাযোগ ছিলো না বলে তার মামা আলাউদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ইমার্জেন্সী মেডিক্যাল অফিসার লিমন কুমার ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিদগ্ধ সালমার অবস্থা সঙ্কটাপন্ন। তার সারা শরীর পুড়ে গেছে।
মেডিক্যাল অফিসার বলেন, "আমরা তাকে বাঁচিয়ে রাখার সব রকমের চেষ্টা করছি।"
তিনি জানান, সালমার শরীরে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
মতিঝিল থানার সহকারী পরিদর্শক (এসআই) শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে তারা কোন অভিযোগ পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসএইচ/১৮৩১ ঘ.
bdnews24