নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাস ও চলতি মাসের বেতনের দাবিতে রূপগঞ্জের আউখাবো এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায় ও মহাসড়ক অবরোধ করে।
ওই সময় হারভেস্ট রীচ গার্মেন্টস এর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
তারা টায়ারে আগুন ধরিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
পোশাক কারখানার শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার তাদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা ছিলো। কিন্তু কর্তৃপক্ষ বেতন না দিয়ে বিভিন্ন অজুহাত দেখানো শুরু করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।
এক পর্যায়ে তারা কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাংচুর করে। পরে ছয় শতাধিক শ্রমিক কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। তারা ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় অবস্থান নিয়ে ১০-১২টি বাস ভাঙচুর চালায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে সাত কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল চারটার দিকে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
হারভেস্ট রীচ গার্মেন্টসের ব্যবস্থাপক বাবু রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহিরাগতদের উস্কানিতে শ্রমিকরা গার্মেন্টসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তারা প্রতিষ্ঠানের চেয়ার-টেবিল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।"
শুক্র ও শনিবার শ্রমিকদের ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধ করা হবে বলেও জানান বাবু রতন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কারখানায় হামলার ঘটনায় রাত নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩০৩ ঘ.
bdnews24