ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নাম দুটির যত্রতত্র ব্যবহার বন্ধে একটি নীতিমালা হচ্ছে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করেছে। মন্ত্রণালয় এ বিষয়ে একটি নীতিমালা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে।
বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীরউত্তম সংবাদ ব্রিফিংয়ে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নাম ব্যবহার করে যত্রতত্র বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। ব্যক্তিগত ফায়দা হাসিলে বিভিন্ন ব্যক্তি এ ধরনের সংগঠন গড়ে তুলছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন।
রফিকুল বলেন, সংসদীয় কমিটি এ ধরনের তৎপরতা বন্ধের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে। এটি হলে, মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনও সংগঠন কিংবা কোনও ক্ষেত্রে তা ব্যবহার করতে হলে সরকারের অনুমোদন নিতে হবে।
মুক্তিযোদ্ধাদের সহায়তা দিতে গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সুপারিশও করেছে সংসদীয় কমিটি।
ট্রাস্টের অধীনে বর্তমানে ৪২টি প্রতিষ্ঠান রয়েছে। তবে এর সবগুলোই অলাভজনক।
রফিক বলেন, অযোগ্য লোকজন ওই পরিচালনা পর্ষদে বসে আছে। এর পরিবর্তন প্রয়োজন।
সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল ও খান টিপু সুলতান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24