বরগুনা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের শরণখোলা উপজেলার চান্দেশ্বর ও দর্জাল খাল এলাকা সংলগ্ন সাগরে মাছ ধরার সময় মঙ্গলবার জলদস্যুরা ট্রলার ডাকাতি এবং ৩০টি ট্রলারের ৩০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
অপহৃত জেলেদের মুক্তির বিনিময়ে জলদস্যু জুলফিকার ও আব্বাস বাহিনী ৩০ লাখ টাকা দাবি করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি।
তিনি জানান, চাঁদা দিয়ে টোকেন সংগ্রহ না করায় সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বরগুনার মজিবর কবিরাজ ও মন্নান চাপরাশীর ট্রলারসহ ৩০টি ট্রলার ডাকাতি করেছে জুলফিকার ও আব্বাস বাহিনী। দস্যুরা পাঁচ লাখের বেশি টাকার মাছ, জাল, জ্বালানি তেল ও ইঞ্জিনের যন্ত্রাংশ নিয়ে গেছে।
মান্নান মাঝি জানান, ডাকাতি শেষে ৩০টি ট্রলারের ৩০ জন জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে দস্যুরা। অপহৃত জেলেদের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়ার আজিজুল হক, বড় টেংরার ইব্রাহিম ও তাফালবাড়ি এলাকার সগির হোসেন, কামরুল ইসলাম, শাহাদাত হোসেন ও হারুন মাতুব্বরের নাম জানা গেছে।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মিজানুর রহমান জানান, তারা ট্রলার ডাকাতির কথা শুনেছেন। কোস্টগার্ডের সদস্যরা ডাকাতদের ধরার জন্য অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24