ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে জায়গা ইজারা দেওয়ার বিরোধীদের ডাকা সোমবারের ছয় ঘন্টার হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
দুপুর ১২টায় পল্টন মোড়ে হরতালের সমাপ্তি ঘোষণা করেন হরতাল আহবানকারী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
পল্টনের মোড়ে সমাবেশে হরতালের সমাপ্তি ঘোষণা করে তিনি বলেন, "১৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে সময় বেঁধে দেয়া হলো। এর মধ্যে দাবি না মেনে নিলে ১৬ অক্টোবর জাতীয় সম্মেলনের ডাক দেয়া হবে।"
এই সম্মেলন থেকে হরতাল, সমাবেশসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি।
পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে মডেল তেল-গ্যাস বণ্টন চুক্তি (পিএসসি) বাতিল, মডেল পিএসসি'র তিনটি ব্লক কনোকো ফিলিপস ও তাল্লোকে ইজারা বাতিল, জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করে নতুন মডেল পিএসসি প্রণয়ন, ফুলবাড়ী চুক্তি ২০০৬'র পূর্ণ বাস্তবায়ন এবং অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্যান্যদের উপরে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া।
পল্টন থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় কড়া পিকেটিং-র কারণে এই এলাকায় মূলত হরতাল পালন হয়। শহরের রাস্তায় জন পরিবহন (বাস) ও ব্যক্তিগত পরিবহন (প্রাইভেট কার) চলাচল ছিল কম। বেলা ১১ টার সময় যথারীতি শুরু হয় সংসদ অধিবেশন।
হরতাল চলাকালে সকাল ছয়টা ৫০ মিনিটে এবং সোয়া সাতটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে দুইটি বাস ভাংচুর করেছে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে জায়গা ইজারা দেওয়ার বিরোধী বিভিন্ন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। সকাল সাড়ে আটটায় ছাত্র কর্মীরা দৈনিক প্রথম আলোর কিছু কপি পুড়িয়ে দেয়।
পল্টন ও শাহবাগ মোড়ে আসার সবগুলো পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। বামপন্থী কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রিকশা ছাড়া আর কোনো যানবাহন যেতে দেয়নি।
সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় থেকে বামপন্থী ছাত্র সংগঠনগুলো মিছিল করে মুক্তাঙ্গনের দিকে রওনা দেয়। এর পর শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়।
সকাল ছয়টার দিকে পল্টন মোড়ে জমায়েত হয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ এই দাবির পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।
এখানে থেমে থেমে মিছিল ও সমাবেশ এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
পল্টন মোড়ের সমাবেশে এম এম আকাশ, রাজেকুজ্জামান রতন, রুহিন হোসেন প্রিন্স, টিপু বিশ্বাস, সাইফুল হক, জুনায়েদ সাকী উপস্থিত ছিলেন।
হরতালের জন্য অন্যান্য দিনের থেকে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল তুলনামূলকভাবে কম ছিলো। হরতালের সময়টায় এই রাস্তায় যানবাহনের সংখ্যা ছিলো সাপ্তাহিক ছুটির দিনের মতো।
তবে সপ্তাহের অন্যান্য দিন বিশ্বরোডের মোড়, বনানীর কাফরুল মোড়, মহাখালী আমতলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের প্রতিদিনকার যানজট ছিলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসইউএম/কিউএইচ/জিএনএ/১২৪০ ঘ.
bdnews24