২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দুকযুদ্ধে' রাজধানীতে একজন নিহত

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধ সংলগ্ন চন্দ্রিমা রিয়েল এস্টেট এলাকায় রোববার মধ্যরাতে আবু বকর সিদ্দিকী রনি ওরফে লাল রনি (২৬) নিহত হয়েছে। নিহত ব্যক্তি সন্ত্রাসী ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 08:39 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধ সংলগ্ন চন্দ্রিমা রিয়েল এস্টেট এলাকায় রোববার মধ্যরাতে আবু বকর সিদ্দিকী রনি ওরফে লাল রনি (২৬) নিহত হয়েছে। নিহত ব্যক্তি সন্ত্রাসী ছিলেন বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব-২'র অপারেশন অফিসার তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন সন্ত্রাসী চন্দ্রিমা রিয়েল এস্টেট এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব-২'র একটি দল সাদা পোষাকে সেখানে গেলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। তিনি বলেন, প্রায় ৫/৬ মিনিট গুলি বিনিময়ের পর পরিস্থিতি স্বাভাবিক হলে র‌্যাব সদস্যরা সেখানে রনিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। একই সঙ্গে সেখানে একটি বিদেশী পিস্তল, খালি একাধিক ফেনসিডিলের বোতল, খালি বিয়ার ক্যান, সিগারেটের প্যাকেট, গাঁজা পড়ে ছিল বলে তিনি দাবি করেন। তালেবুর রহমান জানান, রনির বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। নিহত ব্যক্তি হাজারী বাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিল বলেও দাবি করেন তিনি। র‌্যাবের এক পরিসংখ্যানে বৃহস্পতিবার জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১৪৫৫ ঘ.