২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতি পুনর্বহাল হবে: প্রতিমন্ত্রী

১৯৯৭ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতি বর্তমান সরকার পুনর্বহাল করবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 06:00 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯৭ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতি বর্তমান সরকার পুনর্বহাল করবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। রোববার সংসদে আওয়ামী লীগ সাংসদ জুনায়েদ আহমেদ পলকের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। শিরিন শারমিন বলেন, "১৯৯৬ সালে শেখ হাসিনার সরকার সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করে তা কার্যকর করেছিলেন। কিন্তু বিএনপি সরকার এসে তা বাতিল করে দেয়। বর্তমান সরকার ওই জাতীয় নারী উন্নয়ন নীতিটি পুনর্বহাল করার উদ্যোগ নেবে।" অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে বলেন, "১৯৯৬ সালে মহিলা কৃষি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকার এসে তা বন্ধ করে দেয়। সেগুলো আবার চালু করার ব্যবস্থা নিয়েছে সরকার।" সাভারের জিরানীতে বেগম ফজিলাতুন্নেছা নারী কৃষি প্রশিক্ষণ পুনরায় চালু করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দুই দিন বিরতির পর রোববার সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচিতে প্রথম ছিল প্রশ্নোত্তর পর্ব। নির্যাতিত নারীদের জন্য হেলপলাইন: জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকার মহিলা অধিদপ্তরের মহিলা অধিদপ্তর ভবনে একটি জাতীয় ট্রমা কাউন্সিলিং স্থাপন করেছে। এছাড়া নারী নির্যাতন সংক্রান্ত একটি ডাটাবেইজ তৈরি এবং নির্যাতিত নারীদের জন্য 'ভায়োলেন্স এগেইনেস্ট উইম্যান' হেলপলাইন তৈরি করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, নারী নির্যাতন প্রতিরোধ সেল কর্তৃক বর্তমান সরকারের সময়ে ২৭৭টি যৌতুক সংক্রান্ত, ৩৩৯টি পারিবারিক বিরোধ ও ৩৫৬টি অন্যান্য অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া যৌতুক ও বাল্য বিবাহ নিরোধে সচেতনতামূলক কর্মসূচির আওতায় বর্তমান সরকারের সময়ে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণে ১৫৩টি উঠান বৈঠক হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসইউএম/এমআই/১২১৫ ঘ.