ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্র্রেড সেন্টার (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলায় নিহত শাকিলা ইয়াসমিন টুম্পার বাবা শরীফ চৌধুরী এখনও মেয়ে হারানোর শোক ভুলতে পারেননি। এ জন্য তিনি এখন সেদেশে সমাজসেবার কাজ করছেন।
টুম্পার চাচাতো ভাই সিলেটে বসবাসকারী চৌধুরী তৌহিদ এলাহী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, "চাচা শরীফ চৌধুরী কিছুটা স্বাভাবিক হলেও এখনও ভুলতে পারেন না তার প্রাণচঞ্চল সেই মেয়েটির স্মৃতি। সেদিনের কথা মনে হলে এখনও চাচা মাঝে-মধ্যে মুর্ছা যান।
"মেয়ের স্মৃতি ভুলতে শরীফ চৌধুরী এখন বিভিন্ন চ্যারিটি (সমাজ সেবা) কাজ করছেন।"
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্র্রেড সেন্টারে সন্ত্রাসী হামলায় ৫০ বাংলাদেশী নিহত। তাদের মধ্যে ছিলেন নুরুল হক মিয়া ও টুম্পা দম্পতি।
ওই হামলায় মারা যায় প্রায় তিন হাজার মানুষ।
ওই দিন টুম্পা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রথম ভবনের ৯৭ তলায় ও তার স্বামী নূরুল হক মিয়া ৯৩ তলায় কাজ করছিলেন। হামলায় দু'জনই নিহত হন। পরে তাদের লাশ পাওয়া যায়।
নুরুল-টুম্পা দু'জনই চাকরি করতেন একটি অডিও ভিজ্যুয়াল প্রোডাকশন কোম্পানিতে।
নূরুল হক যুক্তরাষ্ট্রে যান ১৯৮৫ সালে। সেখানে তিনি ভিজ্যুয়াল মিডিয়া বিষয়ে পড়াশোনা করে পরে ওই চাকরি নেন।
ময়মনসিংহের ত্রিশালে নুরুলের বাড়িতে থাকেন তার মামা আবুল। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ওরা মারা যাবার পর বাড়িটি শুন্য হয়ে পড়েছে। কেউ খোঁজ নিতেও আসে না। পরিবারের সবাই এখন আমেরিকা প্রবাসী। তারা মাঝে-মধ্যে ফোন করে খবর নেন।
১৯৯০ সালের দিকে টুম্পা তার বাবা শরীফ চৌধুরী ও ভাই ফাহিম চৌধুরীর সঙ্গে যুুক্তরাষ্ট্রে যান। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াস নগর গ্রামের বাসিন্দা ছিলেন তারা।
সেখানে গিয়ে টুস্পা ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন।
টুম্পার চাচাতো ভাই চৌধুরী তৌহিদ এলাহী বলেন, "টুম্পা অত্যন্ত প্রাণচঞ্চল মেয়ে ছিলেন। হাসি-খুশিতে ভরে থাকতো তার মুখ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই মর্মান্তিক ট্র্যাজেডি কেড়ে নেয় আপু ও দুলা ভাইয়ের প্রাণ। আপুদের পরিবার এখনও আমেরিকার ভার্জিনিয়ায় বাস করছে।"
২০০০ সালের এপ্রিলে ময়মনসিংহের ত্রিশালের নুরুল হক মিয়ার সঙ্গে টুম্পার বিয়ে হয়।
আমেরিকা যাওয়ার আগে 'বাইন্যাবাড়ি' বাড়িতেই শৈশব ও কৈশোর কাটিয়েছেন নুরুল হক।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল উপজেলার কানহর গ্রামের ওই বাইন্যা বাড়ি এখন নীরব। চারদিকে ঘাস বেড়ে উঠেছে। দোতলা বাড়ির নিচতলা ভাড়া দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/এসকে/০০১০ঘ.
bdnews24