২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর

বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকালে সাভারের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

সাভার, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকালে সাভারের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যে দুটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ শ্রমিক আহত হন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা ৫/৭টি গাড়ি ভাঙচুর করে। সকাল পৌনে ১০ টা থেকে প্রায় আধ ঘণ্টা অবরোধের সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। আরেকটি কারখানার শ্রমিকরা মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বকেয়া বেতন-ভাতার পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়। শ্রমিকরা জানান, এক মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সকালে সাভারের গোরাট এলাকার এক ব্যক্তির মালিকাধীন এবং একই কম্পাউন্ডে অবস্থিত মের্সাস ডেভোনিয়া লিমিটেড ও ওরবিটেক্স নিট ওয়্যার লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল পৌনে ১০ টার দিকে ৩/৪ শ' শ্রমিক বিক্ষোভ করতে করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া সরকার মাকের্টের সামনে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রতিনিধি জানান, প্রায় আধাঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা আবার কারখানায় ফিরে যায়। মেসার্স ডেভোনিয়া লিমিটেড'র আসমা, মর্জিনা, মিঠু, আব্দুর রহমানসহ কয়েকজন শ্রমিক জানান, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু মালিক পক্ষ তাদের বেতন বা ঈদ বোনাস কোনোটাই দেয়নি। তাই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা জানান, শ্রমিকরা দিনভর কারখানায় অবস্থানের পর বিকাল ৪টার দিকে যার যার বাসায় ফিরে যায়। কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. পলাশ জানান, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধের কথা ছিল। কিন্তু ব্যাংকের জটিলতার কারণে কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ করতে পারেনি। তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম শ্রমিকদের লাঠিপেটার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। আশুলিয়ার বুড়ি বাজার এলাকার সিজন সুয়েটার লিমিটেডের প্রায় তিন শ' শ্রমিক বকেয়া এক মাসের বেতন-ভাতার দাবিতে মালিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় সকালে অভিযোগ দিতে আসে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন শ্রমিকদের জানান, রোববার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে। তার এ আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা বাড়ি চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.