ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এবং সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকারের সময় চাকরি হারানো সশস্ত্র বাহিনীর ৭৪ কর্মকর্তাকে পুনর্বহালের বিষয় সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের লিখিত জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, "জোট সরকারের আমলসহ সাত বছরে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিষয়টি বিবেচনা করার জন্য সশ্বস্ত্র বাহিনী বিভাগ থেকে একটি উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হয়েছে।
"কমিটি রাজনৈতিক কারণে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৭৪ জন কর্মকর্তাকে চাকুরি হতে ইস্তফা বা পদত্যাগ করতে বাধ্য করার বিষয়ে জানতে পেরেছে। আরও কিছু আবেদনপত্র কমিটির বিবেচনাধীন রয়েছে।"
তিনি আরও বলেন, "চাকরি থেকে ইস্তফা বা পদত্যাগে বাধ্য কর্মকর্তাদের পুনর্বহালের বিষয়টি সশস্ত্র বাহিনীর চাকরির শর্তাবলী ও রিভিউ কমিটির সুপারিশের আলোকে সরকারের বিবেচনাধীন রয়েছে।"
হজ যাত্রীদের জন্য দুটি বোয়িং বিমান ভাড়া:
এবার হজ যাত্রীদের জন্য নিজস্ব বিমানের বাইরে দুটি বোয়িং বিমান ভাড়া করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৩ আসনের সাংসদ এবিএম আবুল কাসেমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এ বছর হজ যাত্রীদের জন্য বিমানের নিজস্ব উড়োজাহাজের বাইরে সুপরিসর বোয়িং ৭৪৭ উড়োজাহাজ লিজ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।"
বাংলাদেশ থেকে এবার ৬০ হাজার হজ যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলেও সংসদকে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৭১৮ ঘ.
bdnews24