পটুয়াখালী, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে সোমবার থেকে থেমে থেমে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। উত্তাল হয়ে উঠেছে সাগর এবং জেলার নদ-নদী।
সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো উপকূলের নিরাপদে আশ্রয় নিয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদ উল্লাহ মিয়া জানান, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় নদী বন্দর কর্তৃপক্ষ।
তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালী নদী বন্দরকে ২ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকাগামী সব নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শরীফ মো. সামসুদ্দিন জানান, সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ৩১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মহিপুর থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলমগীর হোসেন জানান, সাগর উত্তাল হয়ে উঠেছে। মাছ ধরা শত শত ট্রলার উপকূলে ফিরে আসতে শুরু করেছে। ৪ থেকে ৫ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে।
তিনি জানান, দুপুরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে জেলার চরাঞ্চল। বেড়িবাঁধহীন অর্ধ শত চরের হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
মঙ্গলবার দুপুরে জোয়ারের পানিতে পটুৃয়াখালী পৌর শহরের অপেক্ষাকৃত কয়েকটি নিচুৃ এলাকা প্লাবিত হয়েছে প্রবল জোয়ারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.
bdnews24