ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এবার একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বেসরকারি হিসাবে এ রোগে মৃতের সংখ্যা তিন এ দাঁড়িয়েছে। তবে আইইডিসিআর দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ এ।
রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান মঙ্গলবার জানান, এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার তিন মাস বয়সী একটি শিশু মারা গেছে।
তবে শিশুটির পরিচয় প্রকাশ না করে তিনি বলেন, "সোয়াইন ফ্লুতে আক্রান্ত বা মারা যাওয়া কারও নাম প্রকাশ না করাই ভালো। কারণ এতে মৃতের জানাজা ও দাফন এবং পরিবারকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।"
সোয়াইন ফ্লুতে গত ৩০ আগস্ট দেশে প্রথম কারও মৃত্যু হয়। এরপর শুক্রবার ঢাকা মেডিকেলে আরেকজন মারা যায়।
আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডা. মাহমুদুর রহমান বলেন, "আমাদের হিসাব অনুযায়ী, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দু'জন মারা গেছেন। তবে গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সোয়াইন ফ্লু ওয়ার্ডে মারা যাওয়া সাগরের পরীক্ষা করানো সম্ভব না হলেও এইচ১এন১ ভাইরাসের সব লক্ষণ তার ছিল।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবারের পর সোয়াইন ফ্লু আক্রান্ত আরও ৩৬ জনকে শনাক্ত করা গেছে। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩১১।
আক্রান্তদের সনাক্ত করতে রাজধানী ও ঢাকার বাইরে আইইডিসিআরের ১৬টি পর্যবেক্ষণ দল নমুনা সংগ্রহের কাজ করছে বলে মাহমুদুর জানান।
তিনি বলেন, সোয়াইন ফ্লুর ওষুধ 'ওসেল্টামিভির' ক্যাপসুল উৎপাদনের জন্য আরও চারটি কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এবং চারটি বেসরকারি প্রতিষ্ঠান পপুলার, এসকেএফ, বেক্সিমকো ও স্কয়ার এ ওষুধ প্রস্তুত করত।
এইচ১এন১ ভাইরাস গত এপ্রিলে মেক্সিকোয় প্রথম ধরা পড়লেও বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় গত জুন মাসে।
সোয়াইন ফ্লু'র ক্ষেত্রে বাংলাদেশ বিপদসীমার দ্বিতীয় পর্যায় (কান্ট্রি লেভেল-২) অতিক্রম করেছে জানিয়ে বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, মহামারী পর্যায়ে না পৌঁছালেও এটা তার আগের অবস্থান।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বে এ পর্যন্ত এ রোগে ২ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি।
উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগের ভাইরাস ছড়ায়। রোগ এড়াতে যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৪২০ ঘ.
bdnews24