২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি : ২০৫০ সাল নাগাদ গৃহহীন হবে ২ কোটি মানুষ

জলবায়ু পরির্তনের প্রভাবে ২০৫০ সাল নাগাদ দেশে দুই কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএস। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মঈনুল হক চৌধুরী ও গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরির্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার বর্তমান হার অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ দেশের দুই কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)। সরকারের পনি সম্পদ মন্ত্রণালয়ের অধীন সিইজিআইএস-এর গবেষণায় বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমান হারে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ স্থলভাগের বড় একটি অংশ তলিয়ে যাবে পানির নিচে। আর এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোর কমপক্ষে দুই কোটি মানুষ হবে 'পরিবেশগত উদ্বাস্তু'। এই প্রথম সরকারের অধীনে কোন ট্রাস্ট পরিচালিত গবেষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্ভব্য 'পরিবেশগত উদ্বাস্তু'র পরিসংখ্যান তুলে ধরা হলো। সিইজিআইএস এর গবেষণা ও উন্নয়ন শাখার বিভাগীয় প্রধান আহমাদুল হাসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন সুপারিশসহ গবেষণা প্রতিবেদনটি ইতিমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।" তিনি বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত ৩০ বছর ধরে পাঁচ মিলিমিটার করে বাড়ছে। এটা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ তা ২৭ সেন্টিমিটার ছাড়িয়ে যাবে। আর তখন উপকূলীয় জেলার কমপক্ষে দুই কোটি মানুষকে স্থানান্তর হতেই হবে। আহমাদুল হাসান বলেন, 'সি লেবেল রাইজ ইমপ্যাক্ট অন কোস্টাল লাইফ লাইভলিহুড ইন বাংলাদেশ' বিষয়ে সিইজিআইএস ২০০৭ সালে উপকূলের ১৬ জেলায় একটি গবেষণা চালায়। তখন সুন্দরবন এলাকায় পাঁচ মিলিমিটার এবং অন্য জায়গায় তিন থেকে সাত মিলিমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার তথ্য পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ, গবেষণা ও প্রশিক্ষণ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিনটি বিভাগের ১২টি জেলার কমপক্ষে ৪৪ টি উপকূলীয় উপজেলা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার ঝুঁকিতে রয়েছে। গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে আহমাদুল হাসান বলেন, "উপকূলীয় জেলার উপজেলাগুলোর মোট জনসংখ্যা ৪০ বছর পর বেড়ে কমপক্ষে দেড়গুণ হবে। আর তখন গৃহহীন মানুষের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যাবে।" বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ার কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর একটি সম্ভাব্য ভয়াবহ পরিণতি হলো সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলো হলো কৃষিসহ পানি সম্পদ, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, অবকাঠামো ও জীববৈচিত্র্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে দেশের অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানি বাড়বে। বন্যার পরিমাণ বাড়বে। এতে দেশের মোট ভূখণ্ডের ২০ শতাংশ ক্ষতির মুখোমুখী হবে। লবণাক্ততা বাড়ার কারণে ৩২ শতাংশ ভূমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবনের চার লাখ ১৬ হাজার হেক্টর ভূমিসহ বনায়ন করা বনভূমি পর্যায়ক্রমে ধ্বংস হয়ে যাবে।" সিইজিআইএস কর্মকর্তা আহমাদুল হাসান মনে করেন, কয়েক দশক পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা তিন থেকে চার মাস স্থায়ী হবে। এছাড়া সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ ও বরিশালসহ বিস্তীর্ণ অঞ্চলে লবণাক্ততা বিস্তৃত হবে। এতে কর্মহীন প্রায় দুই কোটি মানুষকে জীবিকার সন্ধানে ছুটতে হবে ভিন্ন জায়গায়। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর চতুর্থ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়নের হার দ্রুত গতিতে বাড়ছে। বিগত এক শতকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। ১৯০৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত ১০০ বছরে পৃথিবীর তাপমাত্রা শূণ্য দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আইপিসিসির পর্যবেক্ষণ সমীক্ষায় বলা হয়, ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার বড় বড় নদীতে পানি প্রবাহ কমে যাবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে পরিবেশ অধিদপ্তরের 'জলবায়ু পরিবর্তন সেল' এর তথ্য অনুযায়ী, দেশে গড় বার্ষিক তাপমাত্রা মাত্র ১৪ বছরে (১৯৮৫-৯৮) মে মাসে ১ ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার প্রভাবে লবণাক্ততা বেড়ে যাওয়ায় আট লাখ ৩০ হাজার হেক্টর আবাদি জমির ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/এএনএস/এসএইচ/২৩৩৭ ঘ.