গাজীপুর/চাঁদপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর ও চাঁদপুরে শনিবার নদী ও পুকুরে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে ডুবে মারা গেছে দুজন। চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরে ডুবে দুজন এবং শাহরাস্তি উপজেলায় একজন মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের শাকাশ্বর গ্রামে শনিবার দুপুরে দুই শিশু তুরাগ নদে ডুবে মারা গেছে। এরা হল- কাজী বাদলের ছেলে সাফায়েত হোসেন (৮) ও কাজী বাদলের ভাগ্নি হিরা আক্তার (৭)।
সাফায়েত হোসেনের দাদা কাজী কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাড়ির পাশের তুরাগ নদের পাড়ে যায় সাফায়েত হোসেন এবং তার ফুফাতো বোন হিরা ও রিফা। হাত ধরাধরি করে হাঁটতে গিয়ে এক পর্যায় পা ফসকে নদীতে পড়ে সাফায়েত ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে হিরাও পানিতে পড়ে যায়।
রিফা ঘটনাটি বাড়িতে গিয়ে জানালে লোকজন ছুটে এসে আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর পাশ্ববর্তী একটি ধৈনচা ক্ষেত থেকে দুজনের লাশ উদ্ধার করে।
দাদা কাজী কবির হোসেন জানান, সাফায়েত শাকাশ্বর আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণী এবং হিরা মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। হিরা শুক্রবার তাদের বাড়িতে বেড়াতে এসেছিল বলে তিনি জানান।
চাঁদপুর: হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামী (৪), চরপোড়ামুখী গ্রামের লোকমান মিয়ার মেয়ে আয়শা (২) এবং শাহরাস্তি পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা গৌতম বর্ধনের ছেলে অন্তু পাল (৭) পুুকুরে ডুবে মারা গেছে।
রফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে বাড়ির আঙিনায় খেলা করার সময় শামী পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
লোকমান মিয়া জানান, আয়শা পুকুর পাড়ে খেলতে গিয়ে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
গৌতম বর্ধন জানান, শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্সের পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে অন্তু পড়ে যায়। পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৭ ঘ.
bdnews24