খুলনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের চেয়ে মংলার অদূরে আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর নির্মাণ বেশি যুক্তিসঙ্গত হবে বলে মনে করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। (আরও তথ্যসহ)
তিনি বলেন, "সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হলে তা মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি হয়ে যায়। সেক্ষেত্রে বন্দরটির নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এ বিবেচনায় আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অধিক যুক্তিযুক্ত। এছাড়া মাওয়ায় পদ্মা সেতু তৈরি হলে মংলা বন্দরের গুরুত্ব আরও বাড়বে।"
শনিবার খুলনা মহানগরীর একটি হোটেলে '২০০৯-২০১০ জাতীয় বাজেটে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে প্রত্যাশা ও প্রাপ্তি' বিষয়ক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এ কথা বলেন।
সোনাদিয়ায় গভীর সমুদ্র স্থাপনে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এ সংক্রান্ত জাপানের পরামর্শক প্রতিষ্ঠান প্যাসিফিক কনসালটেন্টস ইন্টারন্যাশনালের জমা দেওয়া প্রতিবেদন নিয়ে ১৫ জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা হয়।
ওই বৈঠক শেষে তৎকালীন নৌ-পরিবহমন্ত্রী আফসারুল আমীন সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০১০ সালে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০১৫ সালের মধ্যে। এর জন্য ব্যয় হবে ১৩ হাজার কোটি টাকা। ২০১৬-২০১৭ সাল নাগাদ ওই বন্দরে পণ্য ওঠানামার কাজ শুরু করা যাবে। দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করতে ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকা। সময় লাগবে ২০৫৫ সাল পর্যন্ত।
তিনি আরও জানিয়েছিলেন, চট্টগ্রাম বন্দর ও সিঙ্গাপুর বন্দরের মধ্যে দূরত্ব ১২০০ নটিক্যাল মাইল। গভীর সমুদ্র বন্দর হলে মাদার ভেসেলগুলো যদি সোনাদিয়ায় চলে আসে তাহলে সেখান অল্প সময়ে চট্টগ্রাম ও মংলা বন্দরে যেতে পারবে। সোনাদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের কুমনিং এ বন্দর ব্যবহার করতে পারবে।
জুলাইতে প্যাসিফিক কনসালটেন্টস ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়ক কে এম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ২০২০ সালে মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরে প্রতিবছর সাড়ে সাত কোটি টন পণ্য ওঠানো নামানো যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে ১০ লাখ টন পণ্য ওঠানামা হয়।
৩১ জুলাই মন্ত্রীসভায় রদবদলের পর নতুন নৌ-পরিবহন মন্ত্রী হন শাজাহান খান।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মুক্ত আলোচনায় শাজাহান খান জানান, পশুর নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ইতিমধ্যে ড্রেজার কেনার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, "মংলা বন্দর হবে বাংলাদেশের শ্রেষ্ঠ বন্দর। এ বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।"
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, "সুন্দরবনকে ঘিরে পার্ক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সুন্দরবনের উপর দিয়ে ক্যাবল কারের ব্যবস্থা রাখা হবে। যাতে পর্যটকরা ক্যাবল কারে বসে নিরাপদে জীবজন্তু দেখতে পারেন।
এ ব্যাপারে একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তার কথা হয়েছে এবং প্রতিষ্ঠানটি দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রী।
তবে তিনি প্রতিষ্ঠানটির নাম বলেননি।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি লিয়াকত আলী।
আলোচনায় সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহানেওয়াজ নাজীমউদ্দিন।
প্রধান আলোচক বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারাকাত বলেন, "উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। গত ৩৩ বছরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) শিল্প বিরাষ্ট্রীয়করণ হয়েছে। পাট শিল্প ধ্বংস হয়েছে। লোকসানের অজুহাতে মিল ও কল-কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।"
বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, "বিগত জোট সরকারের সময় মংলা বন্দরকে ধ্বংস করা হয়েছে।"
যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মুজিবর রহমান জানান, আগামী ডিসেম্বরের মধ্যে খুলনায় একটি আধুনিক রেলস্টেশন নির্মাণের কাজ শুরু হবে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দক্ষিণ-পশ্চিমঞ্চলের উন্নয়নে বর্তমান মহাজোট সরকার আন্তরিক।
অলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সাংসদ সোহরাব আলী সানা, ননী গোপাল মণ্ডল, সাবেক সাংসদ এম নুরুল ইসলাম দাদু ভাই, শেখ হারনুর রশীদ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এস এম শাহনওয়াজ আলী, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্তজা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাক্ষ ড. নওশের আলী, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম ফারুক এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এ কে হিরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/০০৪০ ঘ.
bdnews24