ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ কমিউনিস্ট ভাষা সৈনিক আবদুল মতিন পুনর্গঠিত ওয়ার্কার্স পার্টির বিশেষ সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক বর্ধিত সভায় তাকে সম্মানিত সদস্য করা হয়।
এর আগে আবদুল মতিন রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টিতে ছিলেন।
দলের আহবায়ক হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে আবদুল মতিন 'সুবিধাবাদী রাজনীতি' থেকে মুক্ত হয়ে পার্টি ও কমিউনিস্ট আন্দোলনকে পুনর্গঠনের আহবান জানান।
মতিন বলেন, "বর্তমান পরিস্থিতিতে বাম বিকল্প ছাড়া দেশের জনগণের মুক্তির অন্য কোনো বিকল্প নেই। তাই কমিউনিস্ট ঐক্যের ওপর আমাদের জোর দিতে হবে।''
সভায় সরকারের 'দলীয়করণ নীতি', চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশি হামলা ও অধ্যাপক আনু মুহাম্মদ, সাইফুল হক, মোশরেফা মিশুসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়।
সভায় বঙ্গোপসাগরের তিনটি গ্যাসক্ষেত্র বিদেশী কোম্পানির কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিও জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এসকে/২২১৭ঘ.
bdnews24