২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলটিকে আইনে পরিণত না করার আহবান

প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলটিকে আইনে পরিণত না করার আহবান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এপিইউবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলটিকে আইনে পরিণত না করার আহবান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এপিইউবি)। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার বলেন, "প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা খর্ব হবে।" তিনি বলেন, "এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বাড়বে। এটা স্বাধীন বিশ্ববিদ্যালয়ের ধারণার পরিপন্থি। এ রকম আইন প্রণয়নের প্রয়াস জাতীয় স্বার্থকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে। বিনষ্ট হবে উচ্চশিক্ষার কার্যক্রম।" বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৪। সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বিলটির বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, এটি আইনে পরিণত হলে বেসরকারি উচ্চশিক্ষার চলমান উদ্যোগ বিনষ্ট হবে। ফলে দেশের প্রতিভাবান ছাত্রশক্তির সিংহভাগ বিদেশে পড়তে চলে যাবে। ব্রেইন ড্রেনের (মেধা পাচার) মাত্রা আরও বাড়বে। আবুল কাসেম অভিযোগ করে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দূরশিক্ষণ কার্যক্রম, আউটার ক্যাম্পাস স্থাপন ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট দেওয়ার মতো অনিয়মের কথা বলা হলেও প্রস্তাবিত বিলে সেগুলো সংযোজন করা হয়েছে। তিনি বলেন, "এতে ওই অনিয়মকেই বৈধতা দেওয়া হয়েছে। এটা রহস্যজনক।" তিনি আরও বলেন, "এপিইউবি মনে করে, বিদ্যমান আইন অর্থাৎ ১৯৯২ ও ১৯৯৮ সালের আইন যথাযথ প্রয়োগের মাধ্যমেই ওই সব অনিয়ম দূর করা যেতে পারে। "সরকার তা না করে নতুন আইন করছে। এর কোনো প্রয়োজন নেই।'' প্রস্তাবিত বিলটির ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সাময়িকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুযোগ দেওয়া হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও দুর্নীতির পথ উন্মুক্ত হবে। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রমও ব্যাহত হবে। বিলটিতে পরিচালনা পরিষদ অর্থাৎ ট্রাস্টি বোর্ড ও সিন্ডিকেট আলাদা করার সমালোচনা করে বলা হয়, এতে সরকারের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হবে ও সংঘাত বাড়বে। এছাড়াও বিলে উল্লেখ করা বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোর্স পরিচালনা, ক্যাম্পাস স্থাপনে বিশেষ ছাড়ের সুবিধা দেওয়া, অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন, চার্টার বাতিল ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ক্ষমতা বাড়ানোর মতো ধারাসমূহের কঠোর বিরোধিতা করেছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এপিইউবি'র সেক্রেটারি জেনারেল ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. এম আলিম উল্লাহ মিয়ান ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান এম জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৭৪৩ ঘ.