২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে রাজশাহীতে একজন হাসপাতালে ভর্তি

রাজশাহীতে এই প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে এক রোগীকে নগরীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার শামীম আরা নামের এই রোগী ভর্তি হন। তাকে সোয়াইন ফ্লু চিকিৎসার জন্য স্থাপিত বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে এই প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে এক রোগীকে নগরীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার শামীম আরা নামের এই রোগী ভর্তি হন। তাকে সোয়াইন ফ্লু চিকিৎসার জন্য স্থাপিত বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে। শামীম আরা মোহনপুর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের মাঠকর্মী হিসেবে কর্মরত। সংক্রামক ব্যাধি হাসপাতালের বিশেষ ওয়ার্ডের চিকিৎসক ডা. সাইফুদ্দিন একরাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শামীম আরা জ্বর, সর্দি ও কাশি নিয়ে দুপুরে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। প্রাথমিক লক্ষণ অনুযায়ী তাকে সোয়াইন ফ্লু'র চিকিৎসা দেওয়া হচ্ছে।" বিকেলে শামীম আরার চিকিৎসার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি সোয়াইন ফ্লু রোগীর চিকিৎসায় স্থাপিত বিশেষ ওয়ার্ডের প্রস্তুতিরও খবর নেন। ডা. সাইফুদ্দিন একরাম বলেন, সোয়াইন ফ্লু চিকিৎসার জন্য এখানে ১৫/২০ জন চিকিৎসকের একটি টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ওয়ার্ডের প্রস্তুতি দেখে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন বলে তিনি জানান। চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা সোয়াইন ফ্লু নিয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। একইসঙ্গে তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়া সোয়াইন ফ্লু'র ওষুধ কেনা বা সেবন না করার জন্যও সবার প্রতি আহ্বান জানান। মতবিনিময়কালে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এবিএম আব্দুল হান্নান, উপাধ্যক্ষ ডা. একেএম সহিদুর রহমান তরফদার, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এবি সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী গোদাগাড়ী উপজেলার কাশিমপুর ও লস্করহাটি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন করেন। স্থানীয় সাংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.