২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ২০টি বাড়ি ভাঙচুর-লুটপাট

মাগুরা সদর উপজেলার চর বাটাজোড় ও ডহর সিংড়া গ্রামে বুধবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি'র সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

মাগুরা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা সদর উপজেলার চর বাটাজোড় ও ডহর সিংড়া গ্রামে বুধবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি'র সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জেলা বিএনপির আহবায়ক কবীর মুরাদ অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজার উপস্থিতিতে আওয়ামী লীগের সমর্থকেরা বেরইল পলিতা ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোসলেম শেখসহ বিএনপি সমর্থকদের ৪০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। তবে অভিযোগ অস্বীকার করে এনামুল হক রাজা বলেন, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বরং তিনি সংঘর্ষের খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে ছুটে যান এবং দুপক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি দাবি করেন, হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যাপারটিও তিনি নিজে তদারকি করছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা লুৎফর বিশ্বাস ও বিএনপি নেতা মোসলেম শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারা জানায়, রাত সাড়ে ৯টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় মাজেদ, পতন, মান্নান, পারভেজ মোল্লার বাড়িসহ ২০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রেজাউল ইসলাম (২৬), আমির হোসেন (৫০), রুবেল (১২), ফকির আলী (২৮), মোসলেম উদ্দিন (৬০) ও বাবর আলীকে (৩২) গুরুতর জখম অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাবিদ হাসান জানান, এটি কোন রাজনৈতিক সংঘাত নয়। এলকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি জানান, সংঘর্ষের সময় ১০টি বাড়ি ভাঙচুর হয়েছে। আহত হয়েছেন ১০ জন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.