সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় বেলকুচি উপজেলা যুবলীগের এক কর্মীকে থানায় এনে পরে এলাকাবাসীর চাপে আবার ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল আকন্দাকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার সকালে এলাকাবাসী সড়ক অবরোধ ও থানা ঘেরাও করলে দুপুরে তাকে ছেড়ে দেয়।
বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর ২টায় বেলকুচি উপজেলা খাদ্য গুদামে ধান সরবরাহ নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ আকন্দ'র সঙ্গে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে জামাই সাজেদুল ইসলামের কথা কাটাকাটি হয়। সাজেদুল এ সময় দুলাল আকন্দকে লাঞ্ছিত করেন।
মতিন বলেন, "দুলাল আকন্দ এ সময় সাজেদুলের অন্যায়ের প্রতিবাদ করায় তিনি দুলালকে খুনের 'মিথ্যা মামলা'য় ফাঁসানোর হুমকি দেন।
"মঙ্গলবার রাতেই পুলিশ সাজেদুলের নির্দেশে দুলালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।"
আব্দুল মতিন আরও বলেন, বুধবার সকাল ১০টায় এলাকার কয়েক শ' মানুষ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে। দুপুর ১২টার দিকে পুলিশ দুলালকে ছেড়ে দেয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল হক জানান, সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ নিয়ে আব্দুল হামিদ আকন্দ'র সঙ্গে সাজেদুলের গণ্ডগোলের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুলালকে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
সাজেদুল ইসলাম বলেন, ধান সরবরাহ করা নিয়ে যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। তাই পুলিশ দুলালকে গ্রেপ্তার করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২২৩০ ঘ.
bdnews24