ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার কোপেনহেগেন সম্মেলনের সফল পরিসমাপ্তির ব্যাপারে আশা প্রকাশ করে বলেছেন, এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের আরো বেশি পরিমাণে তহবিল সংগ্রহের পথ সুগম হবে।
সফর শেষে ঙ্গলবার রাজধানীর র্যাডিসন হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওই দেশের জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড।
সোমবার এই দুই ব্রিটিশ মন্ত্রী ২৪ ঘণ্টার সফরে ঢাকা আসেন।
ফিরে যাওয়ার আগে দুই মন্ত্রী জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ হ্রাসে উন্নত দেশগুলোকে সর্বাগ্রে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করেন।
ডগলাস আলেক্সান্ডার বলেন, "কোপেনহেগেন সম্মেলনের সফল পরিসমাপ্তির পর জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য বাংলাদেশ আরো বেশি পরিমাণ তহবিল দাবি করতে পারবে।"
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে বলেও জানান তিনি।
কোপেনহেগেন সম্মেলনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন স্বল্পোন্নত ৫০টি দেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ।
সম্মেলনের পর অন্যান্য দাতাদের বেশ কিছু উৎস থেকে তহবিল পাওয়ার সম্ভাবনার কথাও জানান ব্রিটিশ মন্ত্রী।
আলেক্সান্ডার আরো বলেন, "জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে বাংলাদেশকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে ব্রিটেন যে অঙ্গীকার করেছে আমরা সে অনুযায়ী কাজ করছি এবং করে যাব।"
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ-ব্রিটেন যৌথ উদ্যোগে ওই মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। তবে বিভিন্ন দেশ ওই তহবিলে অর্থ যোগান দেওয়ার আশ্বাস দিলেও যুক্তরাজ্যই একমাত্র দেশ যারা এ পর্যন্ত ৭৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং দিয়েছে।
মিলিব্যান্ড বলেন, "কোপেনহেগেন সম্মেলনের সফল পরিসমাপ্তিতে সহায়তার ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমরা গণ্য করছি।"
জলবায়ু পরিবর্তনবিষয়ক এই মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দায় অবশ্যই উন্নত দেশগুলোর নেওয়া উচিত।
তবে সেইসঙ্গে নিু কার্বন নিঃসরণ অর্থনীতি গড়ে তুলতে উন্নয়নশীল দেশগুলোরও ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মূলত স্বল্পোন্নত দেশগুলোর ওপর ব্যাপক আকারে উন্নত দেশের শিল্পায়নের নেতিবাচক প্রভাব পড়েছে ।
কোপেনহেগেন সম্মেলনে জাতিসংঘের সদস্য দেশগুলো কার্বন নিঃসরণ হ্রাসে কিওটো প্রটোকলের পরবর্তী ধাপ হিসেবে একটি নতুন আন্তর্জাতিক চুক্তি করার বিষয়ে আলোচনা করবে।
সফরকালে দুই মন্ত্রী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের গরিব মানুষের উপর এর কী প্রভাব পড়ছে তা সরেজমিনে দেখতে ডিএফআইডি'র অর্থাসাহায্যপুষ্ট একটি প্রকল্প পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২২৩০ ঘ.
bdnews24