২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া ফেরত বিমান বাহিনী কর্মকর্তা সোয়াইন ফ্লু'তে আক্রান্ত

চট্টগ্রামে বিমান বাহিনীর এক কর্মকর্তা সোয়াইন ফ্লু'তে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এটিই বন্দরনগরীতে সোয়াইন ফ্লু'তে আক্রান্তের প্রথম খবর। মঙ্গলবার রাতে বিমান বাহিনী হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামে বিমান বাহিনীর এক কর্মকর্তা সোয়াইন ফ্লু'তে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এটিই বন্দরনগরীতে সোয়াইন ফ্লু'তে আক্রান্তের প্রথম খবর। মঙ্গলবার রাতে বিমান বাহিনী হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। সোয়াইন ফ্লু'তে আক্রান্ত বিমান বাহিনীর এ কর্মকর্তা হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট তানভীরুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে তার এ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত করা হয় বলে তার ওই চিকিৎসক জানিয়েছেন। তানভীরুলকে বর্তমানে চট্টগ্রাম পতেঙ্গাস্থ বিএএফ জহুরুল হক ঘাঁটির বিমান বাহিনী হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফ্লাইট লেফটেন্যান্ট তানভীরুল গত রোববার এ হাসপাতালে ভর্তি হন। তার অসুস্থতার লক্ষণ সোয়াইন ফ্লু'র সঙ্গে মিলে গেলে পরীক্ষার জন্য রক্ত আইইডিসিআর এ পাঠানো হয়। সেখান থেকে নিশ্চিতের খবর মঙ্গলবার বিকেলে জানানো হয়। মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অনুমোদন না থাকায় ওই চিকিৎসক নাম প্রকাশ করতে চাননি। তিনি আরও জানান, তানভীরুল ৩০ আগস্ট মালয়েশিয়ায় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন। গত শুক্রবার থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২১৯ঘ.